হাইলাকান্দি (অসম), ৭ জুলাই (হি.স.) : ভূমিধসের ফলে অসম-মেঘালয় ৬ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ। তাই আজ গুয়াহাটি যেতে পারেননি পাঁচগ্ৰামের কাছাড় কাগজকলের কৰ্মচারীরা। মেঘালয়ের সোনাপুর থেকে হাইলাকান্দি জেলার অন্তৰ্গত পাঁচগ্ৰামে অবস্থিত হিন্দুস্তান পেপার কৰ্পোরেশনের অধীন কাছাড় কাগজকলের কৰ্মচারীর দলটি ফিরে এসেছে। এই দলে ছিলেন মোট ২০০ জন কৰ্মচারী।
আজ বৃহস্পতিবার গুয়াহাটির শংকরদেব কলাক্ষেত্ৰে মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানে যোগদান করার কথা ছিল পাঁচগ্ৰাম কাগজ কলের কৰ্মচারীদের। ওই অনুষ্ঠানে আজ আনুষ্ঠানিকভাবে রাজ্যের বন্ধ দুই কাগজ কল যথাক্রমে নগাঁও এবং কাছাড় কাগজ কলের কৰ্মচারীদের পুনঃসংস্থাপন করা হবে। জানা গেছে, এবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুয়াহাটিতে অনুষ্ঠেয় কার্যক্রমে যোগদান করবেন পাঁচগ্ৰামের কাছাড় কাগজ কলের কৰ্মচারীরা।



















