নয়াদিল্লি, ৬ জুন (হি.স.): ভারতে নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনা, বিগত কয়েকদিন ধরে মহারাষ্ট্র, কেরল-সহ দেশের বেশ কিছু রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। ফলে রোজই বাড়ছে দৈনিক সংক্ৰমণ। স্বস্তির বিষয় হল, মৃত্যুর সংখ্যা পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১৮ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের।
বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ২৫,৭৮২-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১,৭৩০ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৬ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন মাত্র ২ লক্ষ ৫৭ হাজার ১৮৭ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ১,৯৪,১২,৮৭,০০০ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৪,৭০১ জন (১.২২ শতাংশ)। রবিবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ২,৭৭৯ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৬,৩০,৮৫২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৩ শতাংশ।



















