উকিমঠ, ৫ মে (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান, ৬ মে পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে কেদারনাথ মন্দিরের কপাট। পুন্যলগ্ন সকাল ৬.২৫ মিনিট, ওই সময়ই খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের কপাট। বৃশ্চিক লগ্নে খোলা হবে কেদারনাথ মন্দিরের কপাট। মন্দির উন্মুক্ত হওয়ার প্রাক্কালে রীতি মেনে পূজার্চনা করা হবে। উখিমঠের ওমকারেশ্বর মন্দিরের শীতকালীন আবাস থেকে রওনা হয়ে বুধবারই কেদারনাথ ধামে পৌঁছেছে ভগবান কেদারের ডোলি।
গত ৩ মে থেকে শুভসূচনা হয়ে গিয়েছে চারধাম যাত্রার, পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট। গত মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে উন্মুক্ত করে দেওয়া হয় গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট। এবার ৬ মে, শুক্রবার খুলছে কেদারনাথ মন্দির, কেদারনাথ মন্দির খোলার দু’দিনের মাথায় ৮ তারিখ পুনরায় উন্মুক্ত হতে চলেছে বদ্রীনাথ মন্দিরের কপাট। পুন্যলগ্ন সকাল ৬.১৫ মিনিট, ওই সময়ই খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দিরের কপাট। শীতের শুরুতে গত বছরের ২০ নভেম্বর বন্ধ করে দেওয়া হয়েছিল বদ্রীনাথ মন্দিরের কপাট, হিমালয়ের পাদদেশে অবস্থিত এই মন্দির পুনরায় উন্মুক্ত হবে ৮ মে সকাল ৬.১৫ মিনিটে।



















