Mission mode : মিশন মুডে কাজ করলে সাফল্য অবশ্যই আসবে : মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর।। আজ রাজধানীর প্রজ্ঞা ভবনে “দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)” (ত্রিপুরা স্টেট সেন্টার)-এর ১৩-তম বার্ষিক সাধারণ সভার শুভ সূচনা করেন পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এরপর “লো কস্ট হাউজিং,ড্রিংকিং ওয়াটার অ্যান্ড সেনিটেশন” শীর্ষক একটি আলোচনাসভার সূচনা করেন তিনি।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, যেকোনো প্রকল্প মিশন মুডে রূপায়ণের ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে সময়ের আগে কাজ সম্পন্ন করতে পারলেই মিশন কথাটির প্রকৃত প্রতিফলন ঘটে। আমাদেররাজ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্নের “জল জীবন মিশন” প্রকল্প এবং “হর ঘর জল”-শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি পানীয়জলের সংযোগ প্রদানে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে৷ এই কাজে কোনও ধরনের অনিয়মকে সরকার প্রশ্রয় দেবে না৷ বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ প্রদানে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরকে মিশন মুডে কাজ করতে হবে৷


তিনি বলেন, মিশন মুডে কাজ করলে সাফল্য অবশ্যই আসবে৷ আগামী ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে সমগ্র রাজ্যে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ এজন্য অর্থের কোনও সমস্যা নেই৷ এখন প্রত্যেকটি জেলায় জেলায় এবং গ্রামে গ্রামে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ চলছে৷ তিনি বলেন, দেশে আজও পানীয় জলের সমস্যা রয়ে গিয়েছে। বিশেষত প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনও জলকষ্টে ভোগেন। অনেক গ্রামে এখনও পানীয় জলের জন্য মানুষকে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। দেশ যখন প্রযুক্তির পথে কয়েক ধাপ এগিয়ে গিয়েছে, তখন এই জলের সমস্যা সরকারের কাছে যথেষ্ট উদ্বেগের। তাই দ্রুত সেই সমস্যার সমাধান করতেই “জল জীবন মিশন” প্রকল্পের মাধ্যমে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্র সরকারের তরফে।


আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের নির্বাহী বাস্তকার রাজীব দেববর্মা, দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া) (ত্রিপুরা স্টেট সেন্টার)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার চিন্ময় দেবনাথ, দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া) এর প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার শিশির কুমার ব্যানার্জী, রুরাল ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান দেবানন্দ বসাক, ডক্টর শুভদ্বীপ ভট্টাচার্য্যী সহ দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া) (ত্রিপুরা স্টেট সেন্টার)-এর অন্যান্য পদাধিকারী ও সদস্য-সদস্যরা ।