নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ সিধাই মোহনপুর কলাগাছিয়া এলাকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে টমটমের ধাক্কায় গুরুতর আহত হন অমরি সরকার নামের ৭০ বছরের এক মহিলা৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মহিলার৷ টমটম চালকের বিরুদ্ধে মামলা৷
রাজ্যে প্রথম দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ তাতে প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটেছে৷ বহু মানুষ দুর্ঘটনার কবলে পড়ে পঙ্গুত্বের জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন৷ পথ দুর্ঘটনা রোধে প্রশাসন যেসব পদক্ষেপ গ্রহণ করছে তাতে পরিস্থিতির মোকাবেলা করা কষ্টকর হয়ে উঠেছে৷ সিধাই মোহনপুর এর কলাগাছিয়া এলাকায় পথ দূর্ঘটনায় এক বৃদ্ধা মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত মহিলার নাম অমরি সরকার৷ জানা যায় তিনি নাতির জন্য ঘড়ি কিনতে কলাগাছিয়া বাজারে গিয়েছিলেন৷ বাজার থেকে ফেরার পথে একটি টমটম তাকে ধাক্কা দেয়৷ টমটমের ধাক্কায় ছিটকে পড়ে ওই বৃদ্ধা গুরুতরভাবে আহত হন৷ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কাতলা মারা হাসপাতালে নিয়ে যায়৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা হাসপাতাল থেকে তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ওই বৃদ্ধা মৃত্যুর কোলে ঢলে পড়েন৷তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
টমটম চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন৷ এব্যাপারে টমটম চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিধাই থানার পুলিশ জানিয়েছে৷

