তুষারপাত সত্ত্বেও নির্বিঘ্নেই চারধাম যাত্রা, বরফে ঢাকা পড়ল কেদারনাথ

দেহরাদূন, ২৫ অক্টোবর (হি.স.): চারধাম যাত্রায় কোনওরকম বিঘ্ন ঘটাতে পারল না তুষারপাত। বরং তুষারপাতের সৌজন্যে মুখে হাসি ফুটেছে ভক্তদের। তুষারপাতকে উপেক্ষা করেই চলছে চারধাম যাত্রা। তুষারপাতের ফলে সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে কেদারনাথ মন্দির ও মন্দির সংলগ্ন এলাকা। সোমবার সকালে কেদারনাথ মন্দির যাওয়ার রাস্তা ও হেলিপ্যাড বরফে ঢাকা পড়ে যায়। তুষারপাতের জন্য হেলিকপ্টার পরিষেবা এদিন বিঘ্নিত হয়।

শুধুমাত্র কেদারনাথ নয়, এদিন তুষারপাত হয়েছে গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের উঁচু শিখরে। উত্তরকাশি জেলার সর্বত্রই তুষারপাতের সৌজন্যে ঠান্ডাও বেড়েছে। বদ্রীনাথ যাওয়ার রাস্তাও স্বাভাবিক। যাত্রীদের সুবিধার্থে ঋষিকেশে বিভিন্ন দফতর যেমন পুলিশ, মেডিকেল-স্বাস্থ্য, ট্রান্সপোর্ট, পর্যটন, পৌর নিগম, দেবস্থানম বোর্ড ও ট্রাভেল অ্যাডমিনিস্ট্রেশন অর্গানাইজেশনের হেল্প ডেস্ক বসানো হয়েছে।