News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে বিজেপি-কংগ্রেস সংঘর্ষের ঘটনায় আহত বহু, রোষের মুখে পুলিশ
Image

বিশালগড়ে বিজেপি-কংগ্রেস সংঘর্ষের ঘটনায় আহত বহু, রোষের মুখে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ আগস্ট৷৷ ত্রিপুরায় শাসক-বিরোধী সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সিপাহিজলা জেলার নৌকাঘাট এলাকায়৷ এ ঘটনায় দুই পুলিশ কর্মী সহ সাতজন বিজেপি কার্যকর্তা এবং কংগ্রেসের একজন কর্মকর্তা আহত হয়েছেন৷ তাঁদের মধ্যে বিজেপির চড়িলাম মণ্ডল সভাপতির পা ভেঙে গেছে৷ তাঁকে হাঁপানিয়ায় ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে৷ বাকি আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷


এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বিজেপি কর্মীরা বিশালগড় থানা ঘেরাও করেন৷ খবর পেয়ে ছুটে যান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, সাংসদ প্রতিমা ভৌমিক এবং বিজেপির জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক প্রতীক দেববর্মা৷ সাংসদ প্রতিমা ভৌমিক জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে৷ পুলিশ প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে৷

বৃহস্পতিবার আগরতলায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মর্মর মূর্তির আবরণ উন্মোচন হয়েছে৷ এ উপলক্ষ্যে দক্ষিণ জেলা থেকে দুটি গাড়িতে কংগ্রেস কর্মীরা আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ সিপাহিজলার নৌকাঘাট এলাকায় বিজেপি কর্মীরা তাদের পথ আটকান বলে অভিযোগ৷ তাতে দুই দলের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়৷ একসময় পরিস্থিতি জটিল আকার ধারণ করে৷ বাকবিতণ্ডা থেকেই দুই দলের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ অভিযোগ, কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদের তিনটি বাইক ভাংচুর করেছেন৷ কংগ্রেস কর্মীদের আক্রমণে বিজেপির চড়িলাম মণ্ডল সভাপতি রাজকুমার দেবনাথের পা ভেঙে গেছে৷


খবর পেয়ে বিশালগড় থানার ওসি বিমল বৈদ্য বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন৷ কিছুক্ষণের মধ্যে এসডিপিও তাপসকান্তি পালও ঘটনাস্থলে পৌঁছে যান৷ কিন্তু তাঁরা কোনওভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না৷ তাই বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে৷ পুলিশের এলোপাথাড়ি লাঠির আঘাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন৷ তাঁদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷
এদিকে, পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঠিকই, কিন্তু বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন৷ পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷

ইত্যবসরে সিপাহিজলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছেন৷ তাঁর কাছে বিজেপি কর্মীরা বিশালগড় থানার ওসি বিমল বৈদ্য এবং এসডিপিও তাপসকান্তি পালকে বরখাস্তের দাবি জানান৷ বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন পুলিশ সুপার৷ এতে সন্তুষ্ট না হয়ে বিজেপি কর্মীরা বিশালগড় থানা ঘেরাও করেন৷
এদিকে, ওই সংঘর্ষের ঘটনায় দীর্ঘ সময় জাতীয় সড়কে যান চলাচল ব্যহত হয়েছে৷ জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷
থানা ঘেরাও করে জনৈক বিজেপি কর্মী বলেন, বিশালগড় থানার ওসি এবং এসডিপিও সিপিএমের ইশারায় কাজ করছেন৷ তাই তাঁরা কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে বিজেপি কর্মীদের পিটিয়েছে৷ ওই সংঘর্ষের খবর পেয়ে ছুটে যান বিজেপি জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক প্রতীক দেববর্মা৷ তিনি দলীয় বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন, অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ এরই মধ্যে বিশালগড়ে পৌঁছে যান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং সাংসদ প্রতিমা ভৌমিকও৷ বিশালগড় বিজেপি মণ্ডল অফিসে এ বিষয়ে তাঁরা বৈঠক করেন৷ বৈঠক শেষে সাংসদ প্রতিমা ভৌমিক এবং প্রতীক দেববর্মা বিশালগড় থানায় যান৷ সেখানে ডিআইজি সৌমিত্র ধর, সিপাহিজলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তীর সাথে আজকের সংঘর্ষের ঘটনা নিয়ে আলোচনা করেন তাঁরা৷


আলোচনা শেষে থানা থেকে বেরিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, করোনা-প্রকোপে সারা ত্রিপুরায় দলীয় সমস্ত কর্মসূচি বন্ধ রেখেছে বিজেপি৷ অথচ কংগ্রেস মানুষ নিয়ে সভা-সমাবেশ করছে৷ শুধু তা-ই নয়, আগরতলায় যাওয়ার সময় উশৃঙ্খল আচরণ করছেন তারা৷ বিজেপি কর্মীদের মারধর করেছেন৷ তিনি বলেন, আজকের ঘটনায় দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে৷


এদিকে, কংগ্রেসের মিডিয়া সেল ইনচার্জ আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক বলেন, সারা রাজ্যে গণতন্ত্র আজ বিপন্ন৷ তাই প্রতিবাদে কংগ্রেস কর্মীদের মাঠে নামতে দেখে বিজেপি ভয় পেয়ে গেছে৷ আজ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে হামলা করা হয়েছে৷ এতে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী আহত হয়েছেন৷ একজনের অবস্থা খুবই গুরুতর হওয়ায় তাঁকে আগরতলায় জিবি হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে৷ তাঁর দাবি, বিজেপি কর্মীদের আক্রমণে ১৫/১৬ জন কংগ্রেস কর্মী আহত হয়েছেন৷ এ ঘটনায় ত্রিপুরাব্যাপী প্রতিরোধ গড়ে তোলার জন্য আলোচনায় বসবে প্রদেশ কংগ্রেস৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top