News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসককে থুতু মামলায় চার অভিযুক্ত সহ ছয়জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর
Image

চিকিৎসককে থুতু মামলায় চার অভিযুক্ত সহ ছয়জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর

আগরতলা, ৪ আগস্ট (হিঃসঃ)৷৷ করোনা-র সাথে যুদ্ধে সামনের সারির সৈনিককে থুতু দেওয়ার অভিযোগে রুজু মামলায় ধৃত চারজনকে আজ পুলিশ গ্রেফতার করেছে৷ তাদের আদালতে সোপর্দ করে পাঁচদিনের পুলিশ হেফাজত এবং টিআই প্যারেডের আবেদন জানিয়েছিল৷ কিন্তু আদালত ধৃত চারজনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে৷ সাথে পুলিশের টিআই প্যারেডের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত৷


প্রসঙ্গত, শিশু সহ করোনা আক্রান্ত পাঁচ জন্মদাত্রী এবং এক গর্ভবতী মহিলাকে ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে ভরতির জন্য নেওয়া হয়েছিল৷ কিন্তু সেখানে ভরতি অন্য করোনা আক্রান্তরা তাতে আপত্তি জানান৷ খবর পেয়ে ছুটে গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. সংগীতা চক্রবর্তী৷ কিন্তু, রোগীরা তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল দেন৷ এ-বিষয়ে ডা. সংগীতা জানিয়েছিলেন, সদ্যজাত সন্তান নিয়ে জন্মদাত্রীরা এবং পিপিই কিট পরে স্বাস্থ্য কর্মীরা ৫ ঘণ্টা ধরে বাইরে অপেক্ষা করছিলেন৷ কিন্তু তাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না৷ এমন-কি, তাঁকে লক্ষ্য করে থুতু ফেলা হয়েছে এবং এক যুবক উপর থেকে জল ফেলেছে৷ তিনি বলেন, অবশেষে কোনও উপায় না পেয়ে ওই করোনা আক্রান্তদের জিবি-র কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে৷
তিনি জানান, সেদিনের ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরে স্বাস্থ্য অধিকর্তা এবং পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে রিপোর্ট জমা দিয়েছিলেন৷ কর্তব্যরত অবস্থায় লাঞ্ছনার শিকার হওয়ায় সে-বিষয়ে রিপোর্টে করেছিলেন তিনি৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক পুলিশ সুপারের সাথে আলোচনাও করেছেন ভুক্তভোগী ডাক্তার৷ স্বাস্থ্য অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মা বলেন, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় ওই ঘটনায় মামলা করা হয়েছে৷ পশ্চিম জেলা পুলিশ সুপার মানিক দাস জানিয়েছেন, করোনা অতিমারির আইন সকলকে মেনে চলতে হবে৷ এক্ষেত্রে সরকারি কর্মচারী এবং স্বাস্থ্য কর্মীদের উপর হামলাহুজ্জতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷

চিকিৎসককে লক্ষ্য করে থুতু দেওয়ার ঘটনায় প্রশাসনের তরফে করোনা আক্রান্তের বিরুদ্ধে মামলা করা হয়েছিল৷ স্বাস্থ্য অধিকর্তা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় করোনা আক্রান্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন৷ এফআইআরের ভিত্তিতে মামলা রুজু করেছেন থানা কর্তৃপক্ষ৷ পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করেছে এবং তাদের পৃথক রাখার ব্যবস্থা হয়েছে৷ ওই ঘটনায় সহকারী সরকারি আইনজীবী কর্ণজিত দে ত্রিপুরা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান৷ বিচারপতি অরিন্দম লোধের সিঙ্গল বেঞ্চে ওই মামলায় শুনানি হয়েছে৷ ত্রিপুরা হাইকোর্ট জামিন মঞ্জুর করেনি৷ কিন্তু আগামী ৫ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করে কেস ডায়েরি জমা এবং টিআই প্যারেডের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি লোধ৷
আজ ত্রিপুরা পুলিশ ওই মামলায় বিশ্বজিৎ দাস, মিলান দাস, সহকারী সরকারি আইনজীবী কর্ণজিৎ দে এবং রঞ্জিত সাহাকে গ্রেফতার করেছে৷ তাদের আজকেই আদালতে সোপর্দ করা হয়৷ এ-বিষয়ে পিপি বিদ্যুৎ সূত্রধর বলেন, অভিযুক্তদের টিআই প্যারেড এবং ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল৷


এদিকে, ধৃতদের পক্ষে আইনজীবী সম্রাট কর ভৌমিক বলেন, আদালতে জামিনের আবেদন জানানো হয়েছে৷ কারণ, তাঁর মক্কেলদের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়৷ তিনি বলেন, ঘটনার দিন তাঁর মক্কেল প্রতিবাদ করেছিলেন ঠিকই, কিন্তু কুলকুচি করে জল ফেলা কিংবা থুতু দেওয়ার মতো জঘন্য কাজ করেননি৷ সিসিটিভি ফুটেজেও এমন কোনও প্রমাণ রয়েছে বলে তিনি মনে করেন না৷ তাঁর বক্তব্য, সিসিটিভি ফুটেজে কোনও প্রমাণ পাওয়া যায়নি, কারণ আদালতে আজ পুলিশ তা পেশ করেনি৷
সম্রাটবাবুর কথায়, ওইদিন সদ্যজাত সন্তানকে নিয়ে জন্মদাত্রী মা ও তাঁদের আত্মীয়কে একই ঘরে থাকতে দেওয়া হলে তাঁর মক্কেল আপত্তি করেছিলেন৷ কারণ তাঁর মক্কেলের বক্তব্য ছিল, তাঁদেরই চিকিৎসা সঠিকভাবে হচ্ছে না, সেই জায়গায় সদ্যজাত সন্তানের সঠিক চিকিৎসার খুব প্রয়োজন রয়েছে৷ তাই, অন্যত্র যাওয়াই উচিত হবে বলে চিকিৎসক সংগীতা চক্রবর্তীর সাথে ওই বিষয়ে বাদানুবাদ হয়েছিল৷ সম্রাট কর ভৌমিক সাফ বলেন, মামলায় প্রচুর অসঙ্গতি রয়েছে৷
আজ পশ্চিম জেলা অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত উভয় পক্ষের সওয়াল শেষে ধৃত চারজনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে৷ আগামী ২৯ আগস্ট পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে৷ সাথে টিআই প্যারেডের আবেদন খারিজ করে দিয়েছে আদালত৷ কারণ ইতিমধ্যে অভিযুক্ত সহকারী সরকারি আইনজীবী কর্ণজিৎ দে-র সংবাদ প্রকাশ্যে এসেছে, জানালেন পিপি বিদ্যুৎ সূত্রধর৷ এদিকে, হাপানিয়া কোভিড কেয়ারে ধৃত দুজকে আদালতে তোলা হয়েছিল৷ তাদেরকেও আদালত জামিন মঞ্জর করেছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top