News Flash

  • Home
  • Uncategorized
  • দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, মূল অভিযুক্ত অটো চালক, গ্রেপ্তার চার
Image

দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, মূল অভিযুক্ত অটো চালক, গ্রেপ্তার চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ বর্বরতম ঘটনার সাক্ষী হল রাজধানী আগরতলা৷ অটো রিকশায় বাড়ি ফেরার পথে ১০ জনের লালসার শিকার হলেন এক মহিলা৷ দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আগরতলায় তিন থানার বিরুদ্ধে মামলা না নেওয়া এবং অসহযোগিতার অভিযোগ উঠেছে৷ নির্যাতিতা মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ বর্বরোচিত দলবদ্ধ ধর্ষণের ঘটনায় কলঙ্কিত হয়েছে রাজ্য৷ এদিকে, চাপে পরে অবশেষে মামলা নিয়েছে পুলিশ৷ পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ অটো চালক সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷


নির্যাতিতা মহিলা জানিয়েছেন, মঙ্গলবার রাতে জিবি হাসপাতাল থেকে বটতলা যাওয়ার জন্য অটো রিকশায় উঠেছিলেন তিনি৷ ওই অটো চালক তার পূর্ব পরিচিত৷ কিন্তু, অটো চালক তাঁকে ভুল পথে নিয়ে যায় এবং দফায় দফায় তিনি ধর্ষণের শিকার হয়েছেন৷ তিনি জানান, প্রথমে অটো চালক তাঁকে ঊষাবাজার নিয়ে যায় এবং সেখানে দুজন মিলে তাঁকে ধর্ষণ করে৷ এর পর সেখান থেকে তাঁকে অন্য আরেকটি জায়গায় নিয়ে গিয়ে আরও আটজন মিলে ধর্ষণ করেছে৷ পাশবিক অত্যাচারে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন৷ এর পর তিনি নিজেকে সার্কিট হাউস এলাকার একটি নির্জন স্থানে পান৷ সেখানেই ধর্ষকরা তাঁকে ফেলে রেখে পালিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন৷


তিনি আরও জানান, ধর্ষকরা নিজেদের মধ্যে ডাকাডাকি করার সময় কয়েকজনের নাম শুনতে পেয়েছি৷ তারা হল অটো চালক প্রদীপ, বিশাল, আকাশ, বাসু এবং সান্তু৷ নির্যাতিতা মহিলা এদিন অভিযোগ করেন, ধর্ষণের মামলা নিতে পুলিশ অস্বীকার করেছে৷ বরং দুর্ব্যবহার করে তাঁকে এবং তাঁর স্বামীকে তাড়িয়ে দিয়েছে পুলিশ৷ তিনি বলেন, সংজ্ঞা ফিরে আসার পর স্বামী ও আত্মীয়দের ফোন করি৷ তখন তারা এসে আমাকে উদ্ধার করে এবং আমরা প্রথমে এডিনগর থানায় যাই৷ কিন্তু, সেখানে তাদের অভিযোগ নেওয়া হয়নি৷ তাঁর কথায়, গতকাল রাতে এডিনগর থানা, এনসিসি থানা, পশ্চিম আগরতলা থানা এবং পশ্চিম আগরতলা মহিলা থানা তাদের মামলা নেয়নি৷ বরং তাদের সাথে ওই থানার পুলিশ আধিকারিকরা দুর্ব্যবহার করেছেন বলে তিনি অভিযোগ করেন৷


এদিকে মহিলার শারীরিক অবস্থার অবনতি হওয়া শুরু হলে তাঁকে হাঁপানিয়াস্থিত টিএমসি হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বামী৷ ওই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলিশের ভূমিকায় সমালোচনা শুরু হয়ে যায়৷ ফলে চাপের মুখে পূর্ব আগরতলা মহিলা থানায় ধর্ষণের একটি মামলা দায়ের করা হয়েছে৷ পাশাপাশি নির্যাতিতা মহিলার মেডিক্যাল করেছে পুলিশ৷ পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷


রাতের শহর আগরতলা মোটেও নিরাপদ নয় বলে ইতিমধ্যে সমালোচকরা মাঠে নেমে পড়েছেন৷ শুধু তা-ই নয়, বিট পুলিশের ভূমিকা নিয়েও নিন্দার ঝড় বইছে৷ কারণ, সারা আগরতলায় টহলদারির জন্য কয়েকশো বাইক কিনেছিল পুলিশ৷ কিন্তু, আদৌ তারা নজরদারি চালান কিনা সেই প্রশ্ণই এখন ঘুরে-ফিরে উঠছে৷ নির্যাতিতার জবানবন্দি অনুযায়ী, গতকাল রাতে একাধিক স্থানে নিয়ে গিয়ে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে৷ অথচ, পুলিশের চোখে সেই ঘটনা ধরা পড়েনি, তা আশ্চর্যজনক মনে করা অস্বাভাবিক নয়৷


এদিনের ধর্ষণের ঘটনাকে ঘিরে শাসক ও বিরোধী উভয় দল ময়দানে নেমে পড়েছে৷ রাজনৈতিক ফায়দা যাতে কোনও পক্ষই নিতে না পারে সেই চেষ্টায় রয়েছেন সকলেই৷ এদিন, পুলিশের এডিজির সাথে সাক্ষাৎ করেছেন বিধায়িকা কল্যাণী রায়, মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত৷ তাছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার, বিধায়ক বাদল চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক ত্রিপুরা মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসাধীন ওই গৃহবধূর সাথে দেখা করেন৷ ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন৷ এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ তিনি জানান, আগামীকাল হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূকে দেখতে যাবেন এবং ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিবেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top