News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যকে অচল করে দেওয়ার হুমকি দিলেন আত্মসমর্পণকারী জঙ্গিরা
Image

রাজ্যকে অচল করে দেওয়ার হুমকি দিলেন আত্মসমর্পণকারী জঙ্গিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট৷৷ ট্রেন লাইন থেকে শুরু করে জাতীয় সড়ক, এমন-কি সব গলিপথ অবরোধ করে ত্রিপুরাকে অচল করে দেওয়ার হুমকি স্বাভাবিক জীবনে ফিরে আসা একাংশ জঙ্গির৷ বিভিন্ন সময় অস্ত্র ও হিংসার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ত্রিপুরা রাজ্যের নানা জঙ্গি সংগঠনের সদস্যরা৷ তারা মূলত তাদের কর্মসংস্থান, স্বাভাবিকভাবে পরিবার নিয়ে জীবনযাপনের জন্য আর্থিক সহায়তা-সহ নানা দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং তাদের সংগঠনগুলির মধ্যে ত্রিপাক্ষিক চুক্তির ভিত্তিতে স্বাভাবিক জীবনে ফিরে আসেন৷ কিন্তু মূল স্রোতে ফিরে আসার দীর্ঘ ২৬ বছর হয়ে গেলেও চুক্তির ৮০ শতাংশ পূরণ হয়নি বলে অভিযোগ আত্মসমর্পণকারী বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সম্মিলিত সংগঠন ’’ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলস কাউন্সিল’’ (টিইউআইপিসি)-এর৷

তাদের চুক্তি পূরণ হয়নি, উল্টে তাদের নেতৃত্বের যে নিরাপত্তা ছিল তা-ও তুলে নেওয়া হয়েছে সম্প্রতি৷ দাবি-দাওয়া আদায়ের জন্য তাঁরা ইতিমধ্যে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন৷ এমন-কি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য পাঁচবার আবেদন জানানোর পরও তিনি তাদের সঙ্গে দেখা করেননি বলে টিইউআইপিসি-র সভাপতি অনন্ত দেববর্মা আজ শনিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলন ডেকে অভিযোগ করেন৷

তিনি আরও বলেন, তারা তাদের দাবি আদায়ের জন্য আজ সংগঠনের প্রায় সকল নেতৃত্ব এবং সদস্য মিলে সিদ্ধান্ত নিয়েছেন, যদি আগামী পাঁচদিনের মধ্যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা না করেন তবে তারা আগরতলায় একদিনের জন্য গণ-অবস্থান করবেন৷ এর পরও কিছু না হলে তারা রেলপথ-সহ সকল সড়কপথ অবরোধ করে রাজ্যকে অচল করে দেবেন৷ প্রয়োজনে তারা আদালত, এমন-কি জেনেভার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় যেতেও পারেন নিজেদের অধিকার আদায়ের জন্য৷

তবে সব কিছু নির্ভর করছে সরকারের উপর৷ সরকার যদি চুক্তি পূরণ করে নেয় তবে এ-সবের প্রয়োজন হবে না বলেও জানান অনন্ত দেববর্মা৷ অপর দিকে সংগঠনের অরগানাইজিং সেক্রেটারি ড্যানিয়েল দেববর্মা অভিযোগ করেন, তাদের সঙ্গে চুক্তিতে উল্লেখ করা হয়েছিল, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের সদর দফতর খুমলুংয়ে ইনাস্ট্রিয়াল ট্রেনিং ইস্টিটিউট হবে, বাঁশ ভিত্তিক শিল্প হবে, ব্যবসার জন্য শপিং কমপ্লেক্স হবে৷ বেশির ভাগই হয়নি আর যা কিছু হয়েছে তাদের জন্য তাদের কোনও সদস্য তার কিছু পায়নি৷ অন্যরা এ-সবের সুবিধা নিচ্ছে৷ তাই সরকারের উচিত, তাদের সঙ্গে চুক্তি পূরণ করা৷ সাংবাদিক সম্মেলনে টিইউআইপিসি-র সভাপতি, অরগানাইজিং সেক্রেটারি ছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি থুমনাই বরক, সাধারণ সম্পাদক থমাস ত্রিপুরা, সহ-সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা-সহ অন্যান্য নেতারা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top