নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ দুর্ঘটনায় ১৭ জন টিএসআর জওয়ান আহত হয়েছেন৷ তাদের মধ্যে ১৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ কিন্তু ৪ জনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷
সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ টিএসআর ৬নং ব্যাটেলিয়ানের জওয়ানরা রামচন্দ্রঘাট ফায়ারিংয়ের জন্য যাচ্ছিলেন৷ লেম্বুছড়া ফাঁড়ি সংলগ্ণ এলাকা গাড়িটির স্টিয়ারিং বিকল হয়ে যায়৷ তাতে, গাড়িটি একটি গাছে ধাক্কা মারে এবং উল্টে যায়৷ এই ঘটনায় ১৭ জন জওয়ান আহত হন৷ আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে আনা হয়৷ তাদের মধ্যে ১৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গেছে, প্রণব কুমার ঝাঁ(৪২), বীরেন্দ্র দাস(৩৪), প্রদীপ দাস(৪৩) এবং টুটন নমঃ’র(৩০) হাসপাতালে চিকিৎসা চলছে৷ তাদের মধ্যে প্রদীপ দাস ও টুটন নমঃ’র অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷
যান সন্ত্রাসের বলি এক বৃদ্ধা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ আবার যান সন্ত্রাসের বলি একজন৷ দূর্ঘটনাটি ঘটেছে মনুবাজার থানার অধীন ঠাকুরছড়ায়৷ জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় চারুবালা দেবনাথ নামে এক বৃদ্ধা অটোতে করে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন৷ তখন ঠাকুর ছড়ায় অটোটি উল্টে যায়৷ তাতে তিনি গুরুতর জখম হন এবং পড়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ অটোটি আটক করা হয়েছে বলে জানা গিয়েছে৷

