News Flash

  • Home
  • Uncategorized
  • বাণিজ্য সম্ভাবনার স্বপ্ণ ফেরি করলেন রেলমন্ত্রী, আগরতলা-কলকাতা ট্রেন এমাসেই, শীঘ্রই রেলপথে বাংলাদেশ
Image

বাণিজ্য সম্ভাবনার স্বপ্ণ ফেরি করলেন রেলমন্ত্রী, আগরতলা-কলকাতা ট্রেন এমাসেই, শীঘ্রই রেলপথে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ বাণিজ্যে বসত লক্ষ্মী৷ আগরতলা-দিল্লী ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেসের সূচনা করে

বক্তব্য রাখছেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু৷ নিজস্ব ছবি৷
বক্তব্য রাখছেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু৷ নিজস্ব ছবি৷

রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু ত্রিপুরা সহ পূর্বোত্তরের বাণিজ্য সম্ভাবনার স্বপ্ণ ফেরী করলেন৷ তাঁর দাবি, যোগাযোগ ক্ষেত্রে উন্নতির মাধ্যমে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন সম্ভব৷ তাতে, পূর্বোত্তরের জনগণের আর্থিক বিকাশ মারাত্মকভাবে ঘটবে৷ পাশাপাশি আগস্ট মাসেই আগরতলা-কলকাতা রেল চালু করা হবে বলেও রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী৷
রেলকে ব্যবহার করে পর্যটনের মাধ্যমে পূর্বোত্তরের আর্থিক বিকাশ সম্ভব বলে মনে করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ তাঁর বক্তব্য, গোটা দেশের পর্যটককে এই অঞ্চলের প্রতি আকর্ষিত করতে হবে৷ সেক্ষেত্রে তিনি রেলের পর্যটন সংস্থা আইআরসিটিসিকে দায়িত্ব দিয়েছেন এই অঞ্চলের পর্যটনের বিকাশে বিশেষ প্যাকেজ ঘোষণা করার জন্য৷ শুধু তাই নয়, আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের শিলান্যাসের মাধ্যমে খুব শীঘ্রই রেলপথে বাংলাদেশের সাথে যুক্ত হতে চলেছে ত্রিপুরা৷ ফলে, ভারত এবং অন্যান্য রাষ্ট্রের পর্যটকদের রেলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্যও তিনি বলেছেন৷
ত্রিপুরার বিকাশে বাঁশকে কাজে লাগানোর জন্য তিনি পরামর্শ দিয়েছেন৷ বাঁশকে ব্যবহার করে শিল্প গঠন করা হলে পরিবেশের ভারসাম্যে তারতম্য ঘটবে না৷ তবে, যে কোন শিল্পকে সফল রূপ দিতে বাজারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ এবিষয়ে রেলমন্ত্রী বলেন, আইআরসিটিসির ওয়েবসাইটে ই-কমার্স প্রযুক্তিকে ব্যবহার করে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়া সম্ভব বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী৷ ফলে, পূর্বোত্তরের আঞ্চলিক সম্পদকে ব্যবহার করে এই অঞ্চলে আর্থিক বিকাশ সম্ভব বলেই তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন৷
তাঁর মতে, বাংলাদেশের সাথে ত্রিপুরা কেবল আত্মিক সম্পর্ক নয়, ভাষা, কৃষ্টি সংস্কৃতি সমস্ত ক্ষেত্রেই ভীষণ মিল রয়েছে৷ ফলে, আগরতলা-আখাউড়া রেল যোগাযোগ স্থাপন করে দু’দেশের সম্পর্ক আরো মধুর হবে, পাশাপাশি বাণিজ্যের প্রসারও বাড়বে৷ এদিন তিনি জানান, আগে রেল বাজেটে এই অঞ্চলের জন্য দুই হাজার কোটি টাকার সামান্য বেশি বরাদ্দ করা হত৷ কিন্তু এখন বরাদ্দ অনেক বাড়ানো হয়েছে৷ এক তথ্য তুলে ধরে তিনি জানান, ১৩-১৪ অর্থবছরে ৫৪৮৯ কোটি টাকা, ১৫-১৬ অর্থবছরে ৬১০০ কোটি টাকা এবং ১৬-১৭ অর্থবছরে এই অঞ্চলে ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করার ইচ্ছা রয়েছে রেলের৷ অবশ্য ভারতীয় রেলে বিনিয়োগ বাড়ানোর প্রতি তিনি জোর দিয়েছেন৷ রেলমন্ত্রী বলেন, ভারতীয় রেলে বিনিয়োগ অসফল রয়েছে৷ নতুন সরকার কেন্দ্রে স্থাপিত হওয়ার পর রেলে বিনিয়োগের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে জাপানের সাথে সে বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে৷ ৭ হাজার কোটি টাকা জাপান ভারতীয় রেলে বিনিয়োগ করতে চলেছে৷ ফলে, কেবল বাজেট বরাদ্দের মাধ্যমে নয়, বিনিয়োগের মাধ্যমে রেলকে আরো শক্তিশালী করে তোলার চেষ্টা চলছে৷
এদিন, তিনি উত্তরপূর্বাঞ্চলকে দেশের ট্যুরিস্ট হাব হিসেবে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন৷ সে অনুযায়ী আইআরসিটিসিকে রেলমন্ত্রী নির্দেশ দিয়েছেন পূর্বোত্তরের রাজ্যগুলির সাথে এই মর্মে শীঘ্রই চুক্তি করার জন্য৷
এদিকে, রাজ্যবাসীর ভাবাবেগের কথা মাথায় রেখে রেলমন্ত্রী জানান, কেবল ত্রিপুরাসুন্দরী এক্সপ্রেস দিয়েই থেমে থাকা হবে না৷ আরো অনেক ট্রেন রাজ্যের জন্য চালু করা হবে৷ বিশেষ করে আগামী আগস্ট মাসেই আগরতলা থেকে কলকাতা পর্যন্ত সরাসরি রেল চালু হবে বলে তিনি ঘোষণা দেন৷
এদিকে, রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই তার আলোচনায় উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যকে রেল সংযোগের আওতায় নিয়ে আসার জন্য কেন্দ্রীয় সরকারের যে লক্ষ্য রয়েছে সেই কাজ এগিয়ে চলছে বলে জানান৷ দূরন্ত রেলের জন্য ত্রিপুরাবাসীর যে দাবি রয়েছে সে দাবি পূরণের জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেও তিনি উল্লেখ করেন৷ তিনি বলেন, আগরতলা-দিল্লীর রেল সংযোগের ফলে সমগ্র দেশের সঙ্গে ত্রিপুরার যোগাযোগ খুলে গেল৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top