News Flash

Image

প্রতারণা ও বঞ্চনা

Healthউন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার দয়ার সাগর৷ বিভিন্ন সংস্থা ও ব্যাক্তি রাজ্য সরকারকে ভেল্কি দেখাইয়া অনেক কিছুই বাগাইয়া নেয় এবং সময় সুযোগ বুঝিয়া রাজ্য ছাড়িয়া পালায়৷ এমন একের পর এক ঘটনা সত্বেও রাজ্য সরকারের সম্বিত ফিরে নাই৷ প্রথমেই রাজ্যের মানুষ দেখিয়াছে হাপানীয়ায় সরকারী হাসপাতালের বিল্ডিং, জমি তুলিয়া দেওয়া হইয়াছিল জি-নেট নামে একটি সংস্থার হাতে৷ রাজ্য সরকারের অতি প্রিয় ও বিশ্বাসভাজন এই সংস্থা মেডিকেল কলেজ চালু করে৷ কিন্তু জালিয়াতি যেখানে মুখ্য সেখানে বার বার এই হাসপাতাল কলেজ মেডিকেল কাউন্সিলের অনুমোদন হারায়৷ জি-নেটের কুমতলব সাধারণ মানুষ একেবারেই বুঝিতে পারে নাই৷ বাজার হইতেও জি-নেট চড়া সুদে টাকা নিয়াছে৷ এইরকম কোটি কোটি টাকা ও কলেজের বিস্তর অর্থ হাফিজ করিয়া জি-নেট রাজ্য ছাড়ে একরকম সকলকে ঘুমে রাখিয়া৷ শেষ পর্য্যন্ত নিরুপায় রাজ্য সরকার সোসাইটির নামে হাসপাতাল কলেজ নিজের হাতেই তুলিয়া নেয়৷ রাজ্য সরকারের উপর চাপে বাড়তি বোঝা৷ শুধু জিনেট নহে, রাজ্য সরকারকে একের পর এক বোকা বানাইয়াছে হায়দ্রাবাদের একটি বেসরকারী মেডিকেল সংস্থা৷ জি বি হাসপাতালের একাংশে সুপার স্পেশালিটি ব্লক গড়িয়া তোলা হইল৷ সেখানে হার্ট ইত্যাদি জটিল রোগের চিকিৎসার ঘোষণাও হইল৷ কিন্তু হায়দ্রাবাদের সেই সংস্থা পিছাইয়া গেল৷ রাজ্য সরকারের বিস্তর অর্থ জলে গেল৷ উদয়পুরে হার্টের চিকিৎসার জন্য টেলিমেডিসিন চালু হইবার পর কিছু দিন পর তাহারও গঙ্গাপ্রাপ্তি ঘটে৷ আর ‘বিশ্বমানের’ হাসপাতাল ক্যাপিটেল কমপ্লেক্সে গড়িয়া উঠিয়াছে৷ রাজ্য সরকার সেখানেও দরাজ হইয়াছেন এই কারণে যে, রাজ্যে একটি উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যাইবে৷ কিন্তু সেখানে প্রকৃত পক্ষে রাজ্য সরকারের আশার গঁুড়ে বালি দেওয়া হইয়াছে৷ ভুরি ভুরি অভিযোগ এই ‘বিশ্বমানের’ হাসপাতালের৷ প্রতারণা ও ছলনার মধ্য দিয়াই যে হাসপাতালের প্রতিষ্ঠা সেই হাসপাতাল রাজ্যবাসীকে হতাশ করিয়াছে৷ বিশ্বমানের তো দূরের কথা রাজ্যমানের কিনা সে বিষয়েও সন্দেহ৷
রাজ্য সরকার শুধু স্বাস্থ্য ক্ষেত্রেই একের পর এক প্রতারিত হন নাই অন্য ভাবেও ঠকিয়াছেন দুর্দান্ত ভাবে৷ রাজ্য সরকার পাঁচ তারা হোটেলের জন্য জমি দিয়াও শেষ পর্য্যন্ত চুক্তি বাতিল করিতে হইয়াছে৷ সংগীত গ্রামের জন্য বহুমূল্যের জমি দিয়াছে রাজ্য সরকার৷ কিন্তু সেই সংগীত গ্রাম কোনও দিন গড়িয়া উঠিবে কিনা সন্দেহ৷ এইভাবে একের পর এক প্রতারণার মূলে রাজ্য সরকারের একচোখো নীতি৷ এক্ষেত্রে পার্টির কোনও কোনও মহলের সুপারিশ গুরুত্ব পাইয়াছে৷ আর এই জন্যই বিশদ খোঁজ খবর না নিয়া সিদ্ধান্ত নেওয়ার খেসারত দিতে হইতেছে৷ রাজ্য সরকারের মূল্যবান জমি যদি এইভাবে ব্যাক্তি স্বার্থে দেওয়া হয় তাহা হইলে আগামী দিনে গুরুত্বপূর্ণ ও জনস্বার্থের জন্য বৃহৎ প্রকল্প করা জমি সংকটের কারণেই অসম্ভব হইয়া উঠিয়াছে৷ এইমস হাসপাতালের ধাঁচে হাসপাতাল গড়িবার প্রকল্প ত্রিপুরায় রূপায়ণের সুযোগ আসিতেই পারে৷ সেখানে রাজ্য কি প্রয়োজনীয় জমি দিতে পারিবে? জমি সংকটের কারণে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পই রাজ্যের হাতছাড়া হইয়া যাইতে পারে? সুতরাং জমি বিলি বন্টনের ক্ষেত্রে রাজ্য সরকারকে অনেক বেশী সজাগ ও সতর্ক থাকিতে হইবে৷ মনে রাখিতে হইবে রাজ্যের জমির সীমাবদ্ধতা আছে৷ অফুরন্ত জমি নাই রাজ্যে৷ এক্ষেত্রে দাতাকর্ণ সাজিলে রাজ্যকে একদিন চরম মূল্য দিতে হইতে পারে৷ আগামী দিনে রাজ্যে বিভিন্ন বড় বড় প্রকল্প রূপায়নের সম্ভাবনা আছে৷ ব্রডগেজ রেল চালু হইলে এরাজ্যের আর্থিক ক্ষেত্রে নতুন করিয়া বিশাল সুযোগ আসিবে৷ সেই সম্ভাবনাময় দিনগুলি সম্পর্কে রাজ্যের মানুষকে সজাগ ও সতর্ক হইতেই হইবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top