News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস পরিষদীয় দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন সুদীপ, সোনিয়াকে পত্র বোমা, বঙ্গে বামেদের সাথে জোটের বিরুদ্ধে ত্রিপুরায় কংগ্রেসে বিদ্রোহ
Image

কংগ্রেস পরিষদীয় দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন সুদীপ, সোনিয়াকে পত্র বোমা, বঙ্গে বামেদের সাথে জোটের বিরুদ্ধে ত্রিপুরায় কংগ্রেসে বিদ্রোহ

CLP Resignনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ পশ্চিবঙ্গে বামেদের সঙ্গে কংগ্রেসের জোটের প্রতিবাদে ত্রিপুরায় কংগ্রেসে বিদ্রোহ প্রকাশ্যে আছড়ে পড়ল৷ প্রতিবাদে কংগ্রেস পরিষদীয় নেতার পদ থেকে পদত্যাগ করলেন সুদীপ রায় বর্মণ৷ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা আগামীকাল কংগ্রেস ভবনে এক বৈঠক ডেকেছেন৷ এদিকে, সুদীপ বর্মণ দলবল নিয়ে খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে সম্ভাবনা দেখা দিয়েছে৷
আজ তিনি বিধানসভায় লবিতে সাংবাদিক সম্মেলনে বলেন, পশ্চিমবঙ্গে বামেদের সাথে সখ্যতাকে ঘিরে কংগ্রেস হাইকমান্ডের ব্যবহারে প্রচন্ড হতাশ হয়েছেন৷ তিনি দলের সভানেত্রী সোনিয়া গান্ধীকে এক চিঠি পাঠিয়ে জানিয়েছেন, গত কয়েকদিনে কংগ্রেসের নাটকীয় পটপরিবর্তনে তিনি মারাত্মকভাবে হতাশ হয়েছেন৷ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামেদেরে সাথে সমঝোতার কি এমন প্রয়োজনীয়তা রয়েছে তা নিয়ে তিনি প্রশ্ণ তুলেছেন৷ ত্রিপুরা এবং কেরেলায় এক অবস্থান কিন্তু পশ্চিমবঙ্গে অন্য অবস্থানকে ঘিরে জনমনে ভুল বার্তা পৌঁছেছে৷ তিনি চিঠিতে উল্লেখ করেছেন, ত্রিপুরা এবং কেরেলাতে বামেদের সাথে বিরোধীতা করছে কংগ্রেস৷ অথচ পশ্চিমবঙ্গে সেই বামেদের সাথেই সমঝোতা করে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছে৷ তাতে ত্রিপুরায় রাজ্যবাসীর মনে কংগ্রেসের নীতি আদর্শ নিয়ে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কেরেলা এবং ত্রিপুরাতে রাজনৈতিক শত্রুতার সম্পর্ক এই তত্ত্ব মানুষ বিশ্বাস করে না৷ কংগ্রেস হাইকমান্ডের পশ্চিমবঙ্গকে নিয়ে বামেদের সাথে সমঝোতা শুধু এই তিনটি রাজ্য নয় জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে শ্রীবর্মণ দাবি করেন৷ তাঁর স্পষ্ট বক্তব্য বামেদের সাথে কোনভাবেই আপোষ করা যাবে না৷ কংগ্রেস হাইকমান্ড নীতি আদর্শ বিসর্জন দিয়ে পশ্চিমবঙ্গে বামেদের সাথে সমঝোতার পথে হাঁটলেও এই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেওয়া যায় না৷
এদিন, তিনি আরো বলেন, সস্তা রাজনীতির স্বার্থে হয়তবা পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতৃত্বরা বাম আমলের অত্যাচার ভুলে গেছেন৷ যার কারণে এই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বামেদের সাথে হাত ধরাধরি করে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন৷ দলীয় হাইকমান্ডের বামেদের সাথে সখ্যতার সিদ্ধান্তের বিরোধিতা করেই শ্রীবর্মণ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি পাঠিয়ে তাঁর আপত্তির কথা জানিয়েছেন৷ পাশাপাশি দলের এই ভুল সিদ্ধান্তের সাথে কোনভাবেই আপোষ করবেন না বলে বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা মঞ্জুর করার আর্জি জানিয়েছেন৷ এদিন তিনি, বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের কাছে বিরোধী দলনেতার পদ থেকে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন৷
এদিকে, শ্রীবর্মণ জানিয়েছেন, বিরোধী দলনেতা পদ থেকে আরো কয়েকদিন আগেই পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন৷ কিন্তু রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ায় কয়েকদিন তিনি এই পদ থেকে পদত্যাগ করা থেকে বিরত থেকেছেন৷ আজ বাজেট অধিবেশন শেষ হতেই তিনি বিরোধী দলনেতা পদ থেকে পদত্যাগ করবেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন৷
তবে, কংগ্রেস বিধায়কের পদ থেকে এখনই পদত্যাগ করছেন না বলে তিনি জানিয়েছেন৷ শীঘ্রই দল ত্যাগ করবেন কিনা সে প্রশ্ণেও সরাসরি কোন উত্তর দেননি তিনি৷ এবিষয়ে শ্রীবর্মণ জানিয়েছেন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপর বিচার বিবেচনা করে আগামী দিনে সিদ্ধান্ত নেবেন৷ তাতে খুবই শীঘ্রই কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে৷ প্রশ্ণ উঠেছে, কংগ্রেস ছেড়ে সুদীপ রায় বর্মণ সহ দলের মোট ৭ বিধায়ক এক সাথে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন কিনা৷ যদি একত্রে ৭ বিধায়ক কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দেন তাহলে তাদের বিধায়ক পদ বহাল থাকবে৷ সেক্ষেত্রে প্রশ্ণ উঠেছে সুদীপ রায় বর্মণের সাথে বিদ্রোহী আর কারা হচ্ছেন৷ এদিন সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মণের সাথে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন, আশিস কুমার সাহা এবং দিবাচন্দ্র রাঙ্খল৷ অধ্যক্ষের কাছে যখন শ্রীবর্মণ পদত্যাগ পত্র জমা দিতে যান তখন তার সাথে ছিলেন বিধায়ক আশিস কুমার সাহা এবং বিশ্ববন্ধু সেন৷ তাতে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে সুদীপ রায় বর্মণের সাথে কংগ্রেসের বিদ্রোহী ৭ বিধায়কের তালিকায় আশিস কুমার সাহা এবং বিশ্ববন্ধু সেন রয়েছেন৷ এদিকে, বিধানসভা অধিবেশনে রাজ্য বিধানসভার নতুন কমিটি গঠনের ক্ষেত্রে পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান পদে শ্রীবর্মণ বিধায়ক জীতেন্দ্র সরকারের নাম সুপারিশ করেছেন এবং তিনি মনোনীতও হয়েছেন৷ তাতে এও গুঞ্জন উঠেছে হয়তবা বিধায়ক গোপাল চন্দ্র রায় বিদ্রোহের খাতায় নাম না লেখালেও বিধায়ক জীতেন্দ্র সরকার সুদীপ রায় বর্মণের প্রতি আনুগত্য দেখাবেন৷ এদিকে, বিধায়ক প্রণয়জিৎ সিংহ রায় বরাবরই বর্মণপন্থী৷ ফলে, বিদ্রোহী কংগ্রেস বিধায়কের তালিকায় শ্রীসিংহ রায়ের নামও ঠাঁই পাবে বলে গুঞ্জন শুরু হয়েছে৷ ফলে, শ্রীবর্মণ সহ মোট ছয় জন বিধায়ক ইতিমধ্যেই অঘোষিত বিদ্রোহী বিধায়কের তালিকায় রয়েছেন৷ বাকি প্রয়োজন একজন বিধায়কের৷ সূত্রের খবর, সাত বিধায়কের কোটা পূরণ করতে বর্মণ শিবির বিধায়ক দিলীপ সরকারকে দলে টানার আপ্রাণ চেষ্টা শুরু করেছেন৷ যতদূর জানা গেছে, দিলীপবাবু হয়তবা বর্মণ শিবিরের ডাকে সাড়া দিতে পারেন৷
এদিকে, দলে বিদ্রোহের আঁচ পেয়ে পিসিসি সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা শুক্রবার কংগ্রেস ভবনে জরুরি বৈঠকের আহ্বান করেছেন বলে সূত্র অনুসারে জানা গেছে৷ কারণ, এদিন শ্রীবর্মণের সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের যুব ব্রিগেডের কান্ডারিরা উপস্থিত ছিলেন৷ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী এবং প্রাক্তন এনএসইউআই সভাপতি ভিকি প্রসাদ বরাবরই সুদীপ রায় বর্মণের প্রতি আনুগত্য প্রকাশ করে থাকেন৷ তাদের আজ শ্রী বর্মণের সাংবাদিক সম্মেলনে উপস্থিতি রাজ্যে কংগ্রেসের যুব শিবির ভেঙ্গে তছনছ হয়ে যাওয়ার আভাষ দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ ফলে, রাজ্যে মারাত্মক অস্তিত্ব সংকটের মুখে প্রদেশ কংগ্রেস৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top