News Flash

  • Home
  • Uncategorized
  • ৪ দফা দাবীতে ২০-২৮ জুন রাজ্যে বিক্ষোভ আন্দোলন পাঁচ বামদলের
Image

৪ দফা দাবীতে ২০-২৮ জুন রাজ্যে বিক্ষোভ আন্দোলন পাঁচ বামদলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ চার দফা দাবী নিয়ে আগামী ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত রাজ্যে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করবে বামদলগুলি৷ পাঁচটি বাপন্থী দলের পক্ষ থেকে মঙ্গলবার যৌথভাবে বিবৃতি দেয়া হয়েছে৷
বিবৃতিতে বলা হয়েছে, একদিকে কোভিড অতিমারীতে দেশ ও রাজ্যবাসীর জীবন সংশয়, অন্যদিকে কোভিড স্বাস্থ্য বিপর্যয়ের আঘাত মোকাবিলা করতে জনগণকে সাহায্য করার পরিবর্তে কেন্দ্রীয় সরকার পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর ২৩ বার পেট্রোপণ্যের দাম বাড়িয়েছে৷ এর ফলে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং পাইকারী মূল্যসূচক গত ১১ বছরে মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে৷


পেট্রোপণ্যের উপর মোদি সরকার ব্যাপক পরিমাণ অন্তঃশুল্ক চাপিয়ে সাধারণ মানুষের পকেট কেটে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করছে৷ ত্রিপুরায়ও পেট্রোপণ্যের মূল্য প্রতি লিটার ১০০ টাকা অতিক্রম করেছে৷ আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম ক্রমশ নিম্নমুখী হলেও ভারত সরকার প্রায় প্রতিদিন এসব পণ্যের দাম বাড়িয়ে যাচ্ছে৷ একটি হিসেবে দেখা যাচ্ছে ২০১৪ সালে পেট্রোলের উপর অন্তঃশুল্ক ছিল লিটার প্রতি ৯ টাকা ৪৮ পয়সা, আজ তার পরিমাণ বেড়ে হয়েছে প্রতি লিটারে ৩২ টাকা ৯০ পয়সা৷ ডিজেলের ক্ষেত্রে একই সময়ে অন্তঃশুল্ক ছিল ৩ টাকা ৫৬ পয়সা৷ আজ তা বেড়ে হয়েছে লিটার পিছু ৩১ টাকা ৮০ পয়সা৷
এর প্রভাবে যাত্রী ভাড়া ও মালামাল পরিবহনের খরচ বেড়েছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে৷ গত মে মাসে খাদ্য সামগ্রীর দাম ৫ শতাংশ বেড়েছে, কৃষিজাত পণ্যের দাম বেড়েছে প্রায় ১৩ শতাংশ এবং একই ভাবে ভোগ্যপণ্যের দাম বেড়েছে প্রায় ৩১ শতাংশ৷ এই হিসেব পাইকারি মূল্যের৷ খুচরো বাজারে ভোক্তাদের অনেক বেশি দামে এসব পণ্য কিনতে হচ্ছে৷


ত্রিপুরায় সর্ষের তেলের লিটার ২০০ টাকা ছাড়িয়েছে৷ ওষুধের দাম বেড়েছে কয়েকগুণ৷ কোভিড অতিমারীতে দেশে দ্বিতীয় ঢেউয়ে আড়াই কোটি মানুষ কাজ হারিয়েছেন৷ রাজ্যের চিত্র আলাদা নয়৷ গণবন্টনের মাধ্যমে যে-সব ডাল, তেল, চিনি প্রভৃতি সামগ্রীর উপর থেকে রাজ্য সরকার ভর্তুকি তুলে দিয়েছে৷ রেগা-টুয়েপের কাজ নেই৷ রেগা-র কিছু কাজ হলেও মাসের পর মাস ধরে মজুরি পাচ্ছেন না৷ ছাঁটাই আছে, শূন্যপদ অবলুপ্তি আছে, কিন্তু নতুন কোনও নিয়োগ নেই৷ ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষুধা বেড়েছে৷ দারিদ্রসীমার নীচে বসবাসকারীর সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে৷ এই পরিস্থিতিতে পেট্রোপণ্য ও ভোগ্য সামগ্রী এবং ওষুধের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় সুযোগ তৈরি করেছে রাষ্ট্রীয় উদ্যোগেই৷ তিন কালো কৃষি আইনের অন্তর্গত অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করে কেন্দ্রীয় সরকার কালোবাজারি ও মজুতদারি আইনসিদ্ধ করে দিয়েছে৷


কোভিড মোকাবিলায় সরকারি পরিকল্পনা তৎপরতা এবং টিকাকরণের ক্ষেত্রে ব্যর্থতা স্পষ্টভাবে ধরা পড়েছে৷ জুন মাসে গড় মৃত্যুর হার দৈনিক ৭-এ পৌঁছেছে৷ বাড়িঘরে কোয়ারেন্টাইনে থাকা কোভিড আক্রান্তদের জন্য না আছে চিকিৎসার ব্যবস্থা, না আছে কোনও সরকারি ত্রাণ সাহায্য৷ সামনে করোনার তৃতীয় ঢেউ আসার সতর্কবার্তা জারি করেছেন আন্তর্জাতিক স্তরের স্বাস্থ্যবিজ্ঞানীরা৷ এই পরিস্থিতিতে সরকার নীরব হয়ে থাকতে পারে না৷ কাজের কাজ না করে শুধু নানা প্রকল্পের ঘোষণায় কোভিড ও ক্ষুধা- কোনওটাই মোকাবিলা করা সম্ভব নয়৷ তাই জাতীয় স্তরে পাঁচটি বামপন্থী দলের যুক্ত আহ্বানে সাড়া দিয়ে নিম্নলিখিত দাবির ভিত্তিতে ‘কোভিড বিধি মেনে আগামী ২০-২৮ জুন চার দফা দাবিতে ত্রিপুরার সর্বত্র বিক্ষোভ কর্মসূচী পালনের আহ্বান জানাচ্ছি৷


বামদলগুলির তরফ থেকে যে চার দফা দাবি সেগুলি হল-সরকারি খরচে সকলের জন্য সর্বজনীন টিকাকরণ নিশ্চিত করতে হবে৷ কোভিড ও কোভিডের সঙ্গে যুক্ত অন্যান্য রোগে মৃতদের পরিবারকে সরকার ঘোষিত ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি রূপায়িত করতে হবে৷ পেট্রোসামগ্রীর ওপর থেকে অস্তঃশুল্ক প্রত্যাহার করতে হবে৷ রেশনে প্রদেয় সামগ্রীর উপর থেকে ভর্তুকি প্রত্যাহার চলবে না৷ ভোগ্যপণ্য, ওষুধের দাম সরকারি হস্তক্ষেপে কমানোর ব্যবস্থা করতে হবে৷ আয়করের আওতার বাইরে থাকা সব পরিবারকে আগামী ৬ মাস মাসিক ৭,৫০০ টাকা করে নগদ হস্তান্তর করতে হবে৷ সব পরিবারকে বিনামূল্যে মাথাপিছু ১০ কেজি করে চাল সরবরাহ করতে হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top