করোনা আক্রান্তে সাম্প্রতিককালে সর্বোচ্চ, রাজ্যে ২৪ ঘণ্টায় সংক্রামিত হলেন ৯২, সক্রিয় ৫২৪ জন

আগরতলা, ২১ এপ্রিল (হি. স.) ৷৷ ত্রিপুরায় করোনার ভয়ংকর তান্ডব শুরু হয়েছে৷ গত ২৪ এক লাফে ৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ সাম্প্রতিক কালে করোনা আক্রান্তের সর্বোচ্চ বৃদ্ধি গত ২৪ ঘন্টায়৷ ফলে, সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৪ জন৷ এদিকে, ৩৭ জন গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন৷


আজ স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ২৯৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে আরটি-পিসিআর ৪৫০ এবং রেপিড এন্টিজেন নমুনা পরীক্ষা হয়েছে ২৪৮২ জনের৷ সাম্প্রতিককালে এটাই সবর্োচ্চ নমুনা পরীক্ষা বলে জানা গিয়েছে৷ তাতে, আরটি-পিসিআর ৩১ জনের এবং রেপিড এন্টিজেন-এ ৬১ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷


বুলেটিন অনুসারে এখন পর্যন্ত ৬ লক্ষ ৭২ হাজার ৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে৷ তাদের মধ্যে ৩৪ হাজার ১৮৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫২৪ এবং আক্রান্তের হার ৫.০৯ শতাংশ৷