নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩ এপ্রিল৷৷ আবারো ফাঁসিতে ঝুসন্ত অবস্থায় ১৯ বছর বয়সী এক যুবতী৷মৃত যুবতীর নাম রুসনা বেগম (১৯)৷ঘটনা চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড এলাকায়৷ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে৷পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে চুরাইবাড়ি থানার পুলিশ৷
ঘটনার বিবরণে জানা যায়, উত্তর জেলার চুড়াইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের রুসনা বেগম (১৯) পিতা সফর আলী নিজ ঘরের তীরে গলায় শাড়িতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়৷ ঘটনা আজ দুপুর বারোটা নাগাদ৷ পরিবার সূত্রে প্রাপ্ত খবরে জানা যায়,প্রতিদিনের ন্যায় রুসনা বেগম বাড়ির সকল কাজকর্ম সেরে খাওয়া-দাওয়া করে নিজ ঘরে প্রবেশ করে৷ তাছাড়া বাড়িতে কিছু শ্রমিক কাজ করছিল৷ দুপুর বারোটা নাগাদ রুসনার মা দেখতে পান বেশ কিছুক্ষণ ধরে রুসনার ঘরের দরজা বন্ধ৷ তখনই মা তার মেয়ে রুসনাকে ডাকাডাকি করতে শুরু করেন৷ কিন্তু ঘরের ভেতর থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় উনি বাড়িতে কাজে থাকা কয়েকজনকে ডাকাডাকি করে বিষয়টি জানান৷
পরে ওই শ্রমিকরা ঘরের ভেন্টিলেটরের দিকে তাকিয়ে দেখতে পান ঘরের তীরের মধ্যে ফাঁসিতে রুসনার দেহ ঝুলে রয়েছে৷ শুরু হয় চিৎকার চেচামেচি৷ খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়৷ ঘটনাস্থলে চুরাইবাড়ি থানার এসআই অজিত দেববর্মা সহ পুলিশ উপস্থিত হয়ে ঘরের দরজা খুলে দেখতে পান রুসনার ঝুলন্ত মৃতদেহ৷ সাথে সাথে চুরাইবাড়ি থানার পুলিশ ঝুলন্ত মৃতদেহটি নামিয়ে ময়নাতদন্তের জন্য কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে আসেন৷
বর্তমানে মৃতদেহটি কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে রয়েছে৷ ময়নাতদন্ত শেষে পরিবার-পরিজনদের হাতে দেহটি সমঝে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ৷ পাশাপাশি চুরাইবাড়ি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷



















