আগরতলা, ২৭ আগস্ট (হি.স.) : এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক তথা ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান টিঙ্কু রায়৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷ তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন৷ সম্প্রতি তাঁর সংস্পর্শে আসা সকলকে সতর্ক ও সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন টিঙ্কু৷
ত্রিপুরায় বিজেপি শিবিরে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন৷ ইতিমধ্যে দুই বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে একজন সুস্থ হয়েছেন৷ অপরজন বিধায়িকা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসধীন রয়েছেন৷ এছাড়া গ্রামীণ এলাকায় বিজেপির শীর্ষ নেতৃত্ব কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন৷
দেশ বিজেপি মিডিয়া ইনচার্জ ভিক্টর সোম বলেন, রাজনৈতিক ব্যক্তিত্বদের নানা স্থানে যেতে হচ্ছে৷ অনেকের সাথেই কথা বলছেন তাঁরা৷ ফলে তাঁদের করোনায় সংক্রমিত হওয়া অস্বাভাবিক নয৷ তিনি বলেন, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়ের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তবে তাঁর শারীরিক অবস্থা সম্পূর্ণ সুস্থ৷ স্বাস্থ্যবিধি মেনে তাঁকে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে৷

