শ্রীশৈলম (তেলেঙ্গানা), ২১ আগস্ট (হি.স.): অন্ধ্রপ্রদেশ সীমান্ত লাগোয়া তেলেঙ্গানার শ্রীশৈলমে জলবিদ্যুত্ কেন্দ্রে (লেফট ব্যাঙ্ক পাওয়ার হাউস) বিধ্বংসী অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিট নাগাদ ইউনিট ১-এ ভয়াবহ আগুন লাগে। বিস্ফোরণের শব্দও শোনা যায়। আগুন লাগা মাত্রই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন ১০ জন কর্মী। তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ সরবরাহ।
অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই কুরনুল জেলার আত্নাকুর থেকে ছুটে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ১০ জন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও, ভিতরে আটকে পড়েন ৯ জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের জন্য এই বিপত্তি।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। মন্ত্রী জগদীশ্বর রেড্ডি-সহ অন্যান্যদের সঙ্গে কথা বলেছেন তিনি। কৃষ্ণা নদীতে অবস্থিত এই পাওয়ার হাউস।

