কমলপুর (ত্রিপুরা), ১৩ আগস্ট (হি.স.) : জলে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দিনের শুরুতেই সংঘটিত এই ঘটনায় ধলাই জেলার কমলপুর মহকুমার পশ্চিম লেম্বুছড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ স্থানীয় জনগণ পুকুরের জলে এক শিশুর ভাসমান মৃতদেহ দেখেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিশুটির মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন।
খবর যায় পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কমলপুর থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ পশ্চিম লেম্বুছড়ার বাসিন্দা সুখেন চাষার চার বছর বয়সি ছেলে সূর্য চাষার পুকুরের জলে ডুবে মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টা নাগাদ খবর পেয়ে পুলিশ ছুটে গেছে। সংগৃহীত তথ্যের উদ্ধৃতি দিয়ে পুলিশ আধিকারিকটি জানিয়েছেন, সকালে ছেলেকে পাশের বাড়িতে বোনের কাছে রেখে কাজে বেরিয়ে যান সূর্য চাষার মা। তার বাবাও সকালে কাজে বেরিয়ে যান। কিন্তু, সবার নজর এড়িয়ে কখন শিশু সূর্য পুকুরে জলে পরে যায়, তা কেউ টের পাননি।
পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। ময়না তদন্তের পর শিশুর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

