কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এইমসে কেন ভরতি হলেন না, প্রশ্ন তুললেন শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি. স.): করোনায় আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে হরিয়ানার গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা দিলেন কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুর। এক টুইটে শশী থারুর অমিত শাহের উদ্দেশ্যে প্রশ্ন তুলে লেখেন,”আমি ঠিক বুঝতে পারছি না স্বরাষ্ট্রমন্ত্রী এইমসে কেন ভরতি হলেন না?” কংগ্রেস সাংসদের মত, প্রথম সারির জনপ্রতিনিধিদের অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে ভরতি হওয়া উচিত নয়। কারণ, সরকারি সংস্থাগুলির উপর যদি সাধারণ মানুষের ভরসা বাড়াতে হয়, তাহলে নেতামন্ত্রীদেরই সেগুলিকে উদাহরণ হিসেবে তুলে ধরতে হবে । উল্লেখ্য রবিবার করোনা য় আক্রান্ত হতে টুইট করে অমিত শাহ জানান, “শরীরে প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। এখন সুস্থই আছি। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভরতি হতে হচ্ছে।”