নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ করোনা মুক্ত হলেন বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া৷ তাঁর স্ত্রী এবং দুই দেহরক্ষীও আজ সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে৷ ১০ দিন কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন থাকার পর শনিবার তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে৷
এ-বিষয়ে রামপদবাবু জানিয়েছেন, গত ২২ জুলাই তাঁদের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল৷ সাথে গোমতি জেলা সহ-সভাপতির রিপোর্টও পজিটিভ এসেছিল৷ এর পর তাঁদের সকলকে গোমতি জেলায় উদয়পুর মহকুমায় চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টারে ভরতি করা হয়েছিল৷
তিনি বলেন, প্রথম রিপোর্ট পজিটিভ আসার পর আরও একবার নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতেও রিপোর্ট পজিটিভ এসেছে৷ পুনরায় কোভিড-১৯ পরীক্ষায় আজ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ আজকেই তাঁদের কোভিড কেয়ার সেন্টার থেকে ছুটি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন৷

