নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার-কে ঘিরে ত্রিপুরায় জিরানীয়া মহকুমায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ আজ সকালে জিরানীয়া থানাধীন বেলবাড়ি ব্লকের অধীন খুমতিয়া ব্রিজের কাছে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তার বয়স আনুমানিক ৩৪ বছর হবে বলে পুলিশ জানিয়েছে৷ স্থানীয় জনগণ ওই মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷
এ-বিষয়ে জিরানীয়া এসডিপিও সুমন মজুমদার বলেন, মৃত যুবকের পরিচয় এখনও চিহ্ণিত হয়নি৷ তবে, তার পরিচয় জানার প্রক্রিয়া চলছে৷ তিনি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ পাল পরিদর্শন করেছেন৷ এছাড়া ডগ স্কোয়াড এবং ফরেন্সিক দল পর্যবেক্ষন করেছে৷ তাঁর কথায়, মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে৷ ফলে, ওই যুবক-কে কেউ খুন করেছে নাকি তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এখনই বলা সম্ভব নয়৷
মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনগনের বক্তব্য, ওই যুবকের গলায় দাগ রয়েছে৷ তাই, তাকে খুন করে ওই স্থানে ফেলে রেখে গেছে দুষৃকতীরা, এমনটাই মনে করছেন স্থানীয় জনগণ৷ প্রসঙ্গত, ত্রিপুরায় ঘন ঘন মৃতদেহ উদ্ধার হচ্ছে৷ তাতে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে পৌছেছে, তা যথেষ্ট চিন্তাজনক বলে দাবি তথ্যভিজ্ঞ মহলের৷



















