নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ ত্রিপুরায় করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার জন্য চুক্তিবদ্ধ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে৷ ২৪ জন চিকিৎসক এবং ২৪ জন সেবিকা নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট করে এই ঘোষণা করেছেন৷
টুইটে তিনি বলেন, চিকিৎসকরা সাতদিন কোভিড-১৯ রোগীর চিকিৎসা করবেন৷ এর পর ১৪ দিন প্রাতিষ্ঠানিক একান্তবাসে থাকবেন৷ একান্তবাস শেষে ৭ দিন ছুটি পাবেন৷ এভাবে মাসে ২৮ দিনে চিকিৎসকদের ৫০ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে৷ অন্য সময়ে হাসপাতালে চিকিৎসা পরিষেবার জন্য ওই সব চিকিৎসকদের প্রতিদিন দুই হাজার টাকা করে দেওয়া হবে৷
সাথে তিনি যোগ করেন, একই রকম সেবিকারাও মাসে ২০,০০০ টাকা এবং অন্য সময়ে চিকিৎসা পরিষেবায় দিন-প্রতি ৫০০ টাকা করে পাবেন৷ মুখ্যমন্ত্রীর দৃঢ় বিশ্বাস, নতুন চিকিৎসক ও সেবিকারাও বর্তমান পরিস্থিতিতে করোনা আক্রান্তদের চিকিৎসা প্রদানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন৷

