Home / বিশ্বের জন্য এখনও বিপজ্জনক নয় করোনা ভাইরাস : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বের জন্য এখনও বিপজ্জনক নয় করোনা ভাইরাস : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জেনেভা, ২৪ জানুয়ারি (হি.স.) : করোনা ভাইরাস এখনও বিশ্ব জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি মানছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থাটির বক্তব্য, ভাইরাসটি বিশ্ব জনস্বাস্থ্যের জন্য এখনও ঝুঁকি তৈরি করেনি। সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দফতরে করোনা ভাইরাস নিয়ে দু’দিনের জরুরি বৈঠক শেষে বৃহস্পতিবার সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধানোম গেব্রিসাস এমনটাই জানিয়েছেন |

গত বুধবার চিনে করোনা ভাইরাসের মহামারির পরিপ্রেক্ষিতে জেনেভাতে দু’দিনের বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ কমিটিতে থাকা ১৬ সদস্যের বিশেষজ্ঞের দল | ওই বৈঠক শেষে বৃহস্পতিবার সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধানোম গেব্রিসাস এক সংবাদিক সম্মেলনে জানান,করোনা ভাইরাস চিনের জন্য অবশ্যই ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি করেছে। তবে এর জন্য বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। জরুরি অবস্থা জারি না করলেও কমিটির সদস্যরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, এ ভাইরাস মানুষের ও প্রাণীদের ফুসফুস সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠাণ্ডা বা ফ্লু’র মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এ ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হল শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।