News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ বিরোধী মিছিল, সিপিএম-বিজেপি সংঘর্ষ, আহত দুই পুলিশ
Image

সিএএ বিরোধী মিছিল, সিপিএম-বিজেপি সংঘর্ষ, আহত দুই পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৯ ডিসেম্বর৷৷ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধিতায় সারা দেশে সংগঠিত কর্মসূচির অঙ্গ হিসেবে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় সিপিএমের মিছিল ও পথসভাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়েছে৷ শাসক দল বিজেপি এবং বিরোধী সিপিএমের সংঘর্ষে দুই পুলিশ কর্মী আহত হয়েছেন৷ তাঁদের আগরতলার জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে৷ পুলিশ ওই সংঘর্ষের ঘটনায় সুয়ো-মোটো মামলা নিয়েছে৷ পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছেন বিলোনিয়ার এসডিপিও সৌম্য দেববর্মা৷ এদিকে, এদিনের সংঘর্ষের ঘটনায় কাঁদা ছুঁড়াছুড়িতে মেতে উঠেছে শাসক-বিরোধী৷


বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বিলোনিয়া শহরে মিছিল বের করে সিপিএম৷ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় তাঁরা মিছিল শেষে পথসভার অনুমতি নিয়েছিলেন৷ কিন্তু বিজেপি কর্মীরা তাঁদের বাধা দিয়েছেন বলে অভিযোগ করেছে সিপিএম৷ এদিন সাংবাদিক সম্মেলনে সিপিএম বিলোনিয়া বিভাগীয় সম্পাদক তাপস দত্ত বলেন, আজ মিছিল করে যাওয়ার সময় ১ নম্বর টিলা এলাকায় বিজেপি আশ্রিত দুষৃকতীরা হামলা করেছে৷ তাদের ছোঁড়া ইট-পাটকেলে দলীয় কর্মী এবং পুলিশ আহত হয়েছেন৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের অনুরোধে প্রতিরোধ গড়ে তোলার বদলে আমরা পুরনো মটরস্ট্যান্ডের দিকে রওয়ানা দেই৷ কিন্তু সেখানেও বিজেপি কর্মীরা বাধা দেওয়ায় পার্টি অফিসের সামনেই আমাদের পথসভা করতে হয়েছে, ক্ষোভের সুরে বলেন তিনি৷


তাপস দত্তের বক্তব্য, ত্রিপুরায় আইনের শাসন নেই আজকের ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে৷ কারণ, পুলিশের সামনেই আজ বিজেপি কর্মীরা আমাদের উপর আক্রমণ করেছে৷ তাঁর কথায়, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় সারা দেশে আওয়াজ উঠেছে৷ কিন্তু, ত্রিপুরায় বিজেপি কর্মীরা গুণ্ডামি করে আওয়াজ দমিয়ে রাখতে চাইছেন৷ তাঁর দাবি, গুণ্ডামি করে কোনও আইন লাগু করা যাবে না৷ সাথে তিনি যোগ করেন, আজকের ঘটনায় দোষীদের চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ জানিয়েছি৷


এদিকে, পাল্টা সাংবাদিক সম্মেলনে সিপিএমকে তুলোধোনা করেছেন বিজেপি-র দক্ষিণ জেলা সভাপতি বিধায়ক শঙ্কর রায়৷ তাঁর কথায়, সারা দেশে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল চক্রান্ত করছে৷ তেমনি, ত্রিপুরায়ও বিরোধীরা সন্ত্রাস করে শান্তি নষ্ট করতে চাইছেন৷ তিনি কটাক্ষ করে বলেন, সিপিএম শান্তি সহ্য করতে পারে না৷ তাই, ক্ষমতা হারিয়ে ত্রিপুরায় অশান্তির পরিবেশ কায়েম করতে চাইছে৷ তাঁর অভিযোগ, সিপিএম নাগরিকত্ব আইনের ভুল ব্যাখ্যা করে ত্রিপুরায় দাঙ্গা বাঁধানোর উস্কানি দিচ্ছে৷ তাঁদের বক্তব্যে এমনটাই মনে হচ্ছে, সিপিএম বিধায়ক প্রভাত চৌধুরীকে নিশানা করে বলেন তিনি৷


বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানিয়েছেন, মিছিলকে কেন্দ্র সিপিএম ও বিজেপি উভয় দলের কর্মীরা জড়ো হলে পুলিশ সিপিএম কর্মীদের ফিরে যেতে বলেন৷ তাঁর কথায়, এমনিতেই বিলোনিয়ায় যে-কোনও রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ তাই আজ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল৷ তবুও ইট-পাটকেল ছোঁড়া হয়েছে৷ এতে মহিলা সাব-ইন্সপেক্টর চম্পা দাস এবং সাব-ইন্সপেক্টর স্মৃতিকান্ত বর্ধন আহত হন৷ চম্পা দাসের মাথায় আঘাত লেগেছে এবং স্মৃতিকান্ত বর্ধন হাতে ব্যথা পেয়েছেন৷ তাঁদের প্রথমে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু চিকিৎসকরা তাঁদের জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন, জানান তিনি৷ তিনি আরও জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে৷ পুলিশ সংঘর্ষের ঘটনায় সুয়ো-মোটো মামলা নিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top