
কোকরাঝাড় (অসম), ১৪ সেপ্টেম্বর (হি.স.) : বিটিএডি-র অন্তর্গত কোকরাঝাড় পুলিশ, কামান্ডো ব্যাটালিয়ন এবং সেনাবাহিনীর ২১০ কোব্ৰা রেজিমেন্টের অভিযানে দুই সক্রিয় আদিবাসী উগ্রপন্থী সদস্য আটক হয়েছে। তাদের হেফাজত থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে যৌথবাহিনী।
কোকরাঝাড় থানা সূত্রের খবরে জানা গেছে, সেনাবাহিনীর ২১০ কোব্ৰা রেজিমেন্টের গোয়েন্দা সূত্ৰের তথ্যের ভিত্তিতে ভারত-ভুটান সীমান্তবর্তী জঙ্গলে শুক্রবার রাতে যৌথ অভিযান চালানো হয়। গোটা রাত অভিযান চালিয়ে আজ শনিবার ভোররাতে প্রচুর আগ্নেয়াস্ত্র-সহ আদিবাসী উগ্ৰপন্থী সংগঠনের দুই সদস্যকে পাকড়াও করা হয়েছে।
ধৃত দুই উগ্ৰপন্থীকে কোকরাঝাড় জেলার কোঝারনা গ্রামের প্রয়াত পল্টন মুৰ্মুর ছেলে পুদান মুৰ্মু (৪৫) এবং সুপেরগুড়ি গ্রামের প্রয়াত দেওয়ান মুৰ্মুর ছেলে বাজুন মুৰ্মু (২৪) বলে শনাক্ত করা হয়েছে। তাদের হেফাজত থেকে দুটি এ-কে সিরিজের রাইফেল, দুটি এ-কে সিরিজের রাইফেলের ম্যাগাজিন, একটি মজল লোডিং বন্দুক, পাঁচ রাউন্ড এ-কে সিরিজের সক্রিয় গুলি এবং ৬৩৭ রাউন্ড পয়েন্ট (.) ৩০ এম-১ পিস্তলের বুলেট বাজেয়াপ্ত করা হয়েছে।
দুই উগ্ৰপন্থীর বিরুদ্ধে এক মামলা রুজু করা হয়েছে। তাদের সেনা ও পুলিশের পদস্থ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে।

