নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২১ আগস্ট৷৷ সাতসকালে প্রকাশ্যে রাস্তায় দা দিয়ে কঁুপিয়ে ষাটোর্দ্ধ এক বৃদ্ধকে নৃশংস ভাবে খুন করা হয়েছে৷ এই ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে৷
মঙ্গলবার উত্তর জেলার পানিসাগর থানাধীন রোয়া অভায়ারণ্য এলাকায় রোয়া গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কাদিরকে (৬৫) প্রকাশ্যে দা দিয়ে কঁুপিয়ে খুন করেন ওই এলাকারই ৩নং ওয়ার্ডের বাসিন্দা শ্যামল নাথ (২৭)৷ খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছায়৷ আব্দুল কাদিরের মৃতদেহ উদ্ধার করে পানিসাগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷ এদিকে হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ৷
জানা গেছে, পেশায় দিন মজুর আব্দুল কাদির এদিন সকাল ৮টা নাগাদ নিজ বাড়ি থেকে বের হয়ে কাজে যাচ্ছিলেন৷ রাস্তার তাকে দেখেই দা দিয়ে এলো পাথারি কঁুপিয়ে রক্তাক্ত করে শ্যামল নাথ৷ ঘটনাস্থলেই আব্দুল কাদিরের মৃত্যু হয়৷ এই ঘটনায় অন্যতম প্রত্যক্ষদর্শী মূল অভিযুক্ত শ্যামল নাথের মা৷ তিনি পুলিশকে জানিয়েছেন, তার ছেলেই আব্দুল কাদিরকে দা দিয়ে কঁুপিয়ে খুন করেছে৷ এই খুনের ঘটনার পিছনে পূর্ব কোনও শত্রুতা রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে৷ এই ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে৷ প্রকাশ্য দিবালোকে এই ধরনের নৃশংস ভাবে খুনের ঘটনা স্মরনাতীত কালে দেখেননি স্থানীয় জনগণ৷

