আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর দাবি, প্রশাসনিক ক্ষেত্রে এটি নজিরবিহীন ঘটনা। একইসঙ্গে এই পরিস্থিতির জন্য শুধুমাত্র এডিসি আধিকারিকদের দায়ী না করে তিপ্রা মথার নেতৃত্বাধীন প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিরোধী দলনেতা বলেন, ভারতীয় প্রশাসনের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন ও বিরল, যেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভুলের কারণে আদালতকে উচ্চপদস্থ কর্মচারীদের বেতন বন্ধ রাখার মতো কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। তবে এর জন্য শুধুমাত্র প্রশাসনিক আধিকারিকদের দায়ী করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলনেতার অভিযোগ, তিপ্রা মথার নেতৃত্বাধীন টিটিএএডিসি প্রশাসনের কারণে দীর্ঘদিন ধরে বহু পেনশনভোগী তাঁদের প্রাপ্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতির জন্য প্রশাসনের জবাবদিহি প্রয়োজন বলে দাবি করেন তিনি।
একইসঙ্গে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন প্রসঙ্গেও তিপ্রা মথাকে নিশানা করেন জিতেন চৌধুরী। তাঁর অভিযোগ, নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত নেওয়ার পরিবর্তে পেশিশক্তির মাধ্যমে কয়েকশো ভিলেজ কমিটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হচ্ছে না।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে টিটিএএডিসির তৃণমূল স্তরের প্রশাসনেও ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে। ভিলেজ কমিটি ব্যবস্থার স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, তিপ্রা মথা এবং ভারতীয় জনতা পার্টির সহযোগিতায় টিটিএএডিসি এলাকার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, তা নিয়ে জনগণকে ভাবতে হবে। একইসঙ্গে এডিসি এলাকার মানুষের স্বার্থে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার আহ্বান জানান তিনি।
———-



















