News Flash

Image

মহাজোটের মহা ভাবনা

মহাজোটের প্রয়াস যেন তেমন জোর পাইতেছে না৷ পূর্ণাঙ্গ মহাজোট করিয়াও কেন্দ্র হইতে বিজেপিকে হঠানো যইবে এমন কথা জোর দিয়া বলিবার সুযোগ নাই৷ কারণ মহাজোট গড়িবার উদ্যোগের ক্ষেত্রেও পিছাইয়া থাকিবার ঘটনা চোখে পড়িবার মতো৷ সম্মিলিত মহাজোট গড়িয়া না উঠিলে দেশের মানুষের ভরসা ও আস্থার জায়গা তৈরী হইবে কি ভাবে? আর মহাজোট যদি ভরসা ও বিশ্বাসের ডালা উপহার দিতে না পারে তাহা হইলে মানুষ বিজেপি বিরোধী মঞ্চে ঝাঁপাইয়া পড়িবে না৷ রবিবার বিহারের পাটনায় আয়োজিত সমাবেশকে মিনি মহাজোটের সমাবেশ বলা যাইতে পারে৷ এই সমাবেশে সিপিএম, বিএসপি অংশ না নিলেও উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের গোলাম নবী আজাদ, জনতা দল (ইউ) এর শরদ যাদব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব৷ বিহারে এই মহাজোটের উদ্যোগ সমাবেশ এমন সময়ই আরজেডির সুপ্রিমো লালু প্রসাদ যাদব নিয়াছেন যখন জনতা দল ইউ ত্যাগ করিয়া বিজেপিকে নিয়া বিহারে সরকার গড়িয়াছেন নীতীশ কুমার৷ যিনি জনতা দল ইউ’র ও আরজেডি জোট গত নির্বাচনে জনতার ভোট নিয়াছিলেন৷ কিন্তু লালু মন্ত্রীপুত্রের দুর্নীতির অভিযোগ উঠায় নীতীশ পদত্যাগ করিতে বলিয়াছিলেন৷ এই অজুহাত তুলিয়া তিনি বিজেপির সঙ্গে হাত মিলাইয়া মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকিয়া যান৷ এই ঘটনায় জনতা দল ইউ’র সভাপতি শরদ যাদব বেজায় চটিয়াছেন৷ বিহারে লালুর উদ্যোগে মহাজোটের সমাবেশে কাহারা হাজির থাকিবেন তাহা নিয়া জল্পনা তুঙ্গে ছিল৷ এই সমাবেশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়াইয়া বক্তব্য রাখেন৷ তাঁহার গুরুতর অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলিতে অশান্তি লাগিয়াই আছে৷ আইন শৃঙ্খলা ভাঙ্গিয়া পড়িয়াছে৷
সিবিআই আদালত গুরু রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর শুক্রবার হরিয়ানায় যেভাবে হিংসার আগুন জ্বলিয়াছে, গণহারে মৃত্যুর ঘটনা রাজ্য সরকারের চরম ব্যর্থতাই প্রমাণিত হইয়াছে৷ হরিয়ানা, পাঞ্জাবের হাইকোর্ট হরিয়ানা সরকারের চরম ব্যর্থতার জন্য ভৎর্সনা করিয়াছে৷ হাইকোর্টের নিরপেক্ষ ফোরাম চোখে আঙুল দিয়া দেখাইয়া দিতেছে দেশ কোন্ পথে চলিতেছে৷ শুধু হরিয়ানা নহে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়া গুরুতর প্রশ্ণ উঠিয়াছে৷ এই পরিস্থিতিতে বিভিন্ন অবিজেপি দলগুলিকে এক মঞ্চে আসিবার তাগিদ বাড়াইবেই৷ আজ অবিজেপি দলগুলি বুঝিতে পারিতেছে সমস্ত ভেদাভেদ ভুলিয়া যদি ঐক্যবদ্ধ হওয়া না যায় তাহা হইলে সারা দেশই বিজেপির করতলগত হইবে৷ বিরোধী দলগুলি নিশ্চিহ্ণ হইয়া যাইতে পারে৷ অত্যাচার ও নিপীড়ন বঞ্চনা যত বেশী হইবে ততই ক্ষোভের আগুন বাড়িতে থাকিবে৷ ঐক্যবদ্ধ হইবার তাগিদ বাড়াইবে৷ তাগিদ কতখানি বাড়িয়াছে তাহা পাটনায় লালুর মঞ্চই বলিয়া দিয়াছে৷ সেই মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে হুশিয়ারী দিয়াছেন৷ তিনি ২০১৯ এ লোকসভার নির্বাচন নিয়া আওয়াজ তুলিয়াছেন৷ ঐক্যের ডাক দিয়াছেন৷ প্রশ্ণ উঠিয়াছে, পাটনায় লালুর মঞ্চ হইতে বিরোধী ঐক্য জোরদার হইবার পথ কি প্রশস্ত হইয়াছে? মহাজোট তখনই সার্থক রূপ পাইতে পারে যদি সব অবিজেপি দল শক্তিশালী মঞ্চ গড়িতে পারেন৷ কাজ খুব কঠিন৷ এই কঠিন কাজেই হাত দিয়াছেন লালু মমতারা৷ এই উদ্যোগের সাফল্য তখনই সম্ভব হইবে যদি জোটের নেতারা বিশ্বাস, আস্থা ও ভরসার জায়গাটা শক্ত ভিতের উপর দাঁড় করাইতে পারেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top