নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ নিয়মনীতির তোয়াক্কা না করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এসিস্টেন্ট প্রফেসার থেকে এসোসিয়েট প্রফেসার পদে পদোন্নতির ঘটনায় যাচাই কমিটির রিপোর্ট এখনো প্রকাশ্যে কেন আনা হয়নি সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক বৃহস্পতিবার উপাচার্য্যের স্পষ্টিকরণ জানতে চান৷ অধ্যাপকরা উপাচার্য্যের সাথে দেখা করতে গেলে তিনি অফিসে উপস্থিত ছিলেন না৷ শারীরিক অসুস্থতার কারন দেখিয়ে তিনি অফিস থেকে চলে গিয়েছেন বলে অধ্যাপকদের জানানো হয়৷ তাতে অধ্যাপকরা ভিষন ক্ষুদ্ধ হয়েছেন৷ তাঁদের বক্তব্য, আগে থেকেই উপাচার্য্যের সাথে সাক্ষাতের সময় নেওয়া হয়েছিল৷ পদোন্নতির বিষয়ে যাচাই কমিটির রিপোর্ট নিয়ে তাঁর কাছে স্পষ্টি করন জানার জন্যই সাক্ষাতের সময় নেওয়া হয়েছিল৷ অধ্যাপকদের বক্তব্য, বিষয়টি এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যেই উপাচার্য্য এদিন শারীরিক অসুস্থতার অজুহাতে বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়েছেন৷
উল্লেখ্য, পদোন্নতি বিষয়ে অভিযোগ উঠায় গত জানুয়ারী মাসে উপাচার্য্য একটি যাচাই কমিটি গঠন করেছিলেন৷ কমিটি গঠনের ২১ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার সময় বেঁধে দেওয়া হয়েছিল৷ কিন্তু ৭৫ দিন অতিক্রান্ত হওয়ার পরও যাচাই কমিটির রিপোর্টে কি উল্লেখ করা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে উপাচার্য্য কোন সিদ্ধান্ত নেননি৷ অভিযোগ নিয়মনীতির তোয়াক্কা না করে, ঘুর পথে পছন্দের লোকদের পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে৷ এর বিরুদ্ধেই অভিযোগ উঠায় নামকাওয়াস্তে যাচাই কমিটি গঠন করা হয়েছে বলে দাবী একাংশ অধ্যাপকদের৷ সূত্রের খবর আগামী ২৪, ২৫ এবং ২৬ মে দিল্লীতে গোপনে পদন্নোতির জন্য ইন্টারভিউর ব্যবস্থা করেছেন উপাচার্য্য৷
এদিকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জনৈক সিনিয়ার এসোসিয়েট প্রফেসার ছুটি না নিয়েই দুবাই ভ্রমনে বেরিয়ে গেছেন৷ অভিযোগ, প্রভাব খাটিয়ে ঐ প্রফেসার আগাম ছুটি না নিয়েই দুবাই ভ্রমনে গিয়েছেন৷



















