বিনা টেন্ডারে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনায় হেল্পডেস্কের বরাত, উচ্চ আদালতে ফের ধাক্কা খেল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ উচ্চ আদালতে আবার ধাক্কা খেল রাজ্য সরকার৷ বিনা টেন্ডারে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনায় হেল্পডেস্কের দায়িত্ব একটি বিমা কোম্পানিকে কেন দেওয়া হল তার জবাব চেয়েছে উচ্চ আদালত৷ মঙ্গলবার উচ্চ আদালতের বিচারপতি শুভাশিষ তলাপাত্র এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এবং জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধির্কতাকে আগামী ১৭ এপ্রিলের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন৷ এই মামলা পরবর্তী শুনানীর দিন ধার্য্য হয়েছে ১৭ এপ্রিল৷
এদিন আইনজীবী অরিজিৎ ভৌমিক জানিয়েছেন, রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা একটি কেন্দ্রীয় স্কিম৷ এই স্কিমের অধীনে রাজ্যে ৮৮টি সরকারী হাসপাতাল নথিভুক্ত৷ এই হাসপাতালগুলির প্রত্যেকটিতে হেল্প ডেক্স রয়েছে৷ বেসরকারী সংস্থা দ্বারাই হেল্প ডেক্স পরিচালনা হয়৷ হেল্প ডেক্সের মাধ্যমে স্মার্ট কার্ড ইস্যু, ডাটা আপলোড ইত্যাদি করা হয়েছে৷ রাজ্যে ২০০৮ সাল থেকে এই স্কিম চলছে৷ বেসরকারী সংস্থা টেন্ডারের মাধ্যমে হেল্পডেক্সের বরাত পেত৷ প্রতিবছর কন্ট্রাক্ট রিনিউ হত৷ কিন্তু এবছর কোন টেন্ডার প্রক্রিয়া ছাড়াই আইএফএফসিও-টোকিও বিমা কোম্পানিকে ৯ মার্চ একটি চিঠি ইস্যু করে তাদের সমস্ত হাসপাতালগুলিতে হেল্পডেক্স চালানোর দায়িত্ব দেওয়া হয়৷ এই অনিয়মের জেরে উচ্চ আদালতে একটি মামলা হয়৷ মঙ্গলবার বিচারপতি শুভাশিষ তলাপাত্রের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হয়৷ বিচারপতি স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তাকে এবিষয়ে জবাব দিতে বলেছেন এবং পরবর্তী শুনানির দিন আগামী ১৭ এপ্রিল ধার্য্য করেছেন৷