রাষ্ট্রসঙ্ঘ, ৭ অক্টোবর (আইএএনএস): সন্ত্রাসের শিকার ও সন্ত্রাসের অপরাধীর মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-র তীব্র সমালোচনা করল ভারত। কাশ্মীর প্রসঙ্গ এবং পাকিস্তানভিত্তিক সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে ওআইসির বক্তব্যকে ‘ইচ্ছাকৃত অন্ধত্ব’ বলে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব।
রাষ্ট্রসঙ্ঘের ৮১তম সাধারণ অধিবেশনের ষষ্ঠ কমিটির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, পাকিস্তান থেকে পরিচালিত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের জনগণকে রক্ষা করার অধিকার ভারতের রয়েছে। তিনি বলেন, “সন্ত্রাসবাদে জড়িত থাকার পরিণতি অবশ্যই ভোগ করতে হবে।”
সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের মাটিতে এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের ‘লক্ষ্যভিত্তিক ও পরিমিত’ পদক্ষেপ নিয়ে ওআইসির চেয়ার সৌদি আরবের বক্তব্যের জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
বিপ্লব দেব বলেন, “যারা এই বক্তব্য দিয়েছেন, তারা দুঃখজনকভাবে তথ্য ও কল্পকাহিনির মধ্যে এবং ভুক্তভোগী ও অপরাধীর মধ্যে পার্থক্য করতে পারেননি।” তাঁর অভিযোগ, ওআইসি পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে মানুষের উপর পাকিস্তানের দমন-পীড়নের নিন্দা করতে অস্বীকার করেছে।
ওআইসির এই অবস্থানকে কটাক্ষ করে তিনি বলেন, “এই ধরনের ইচ্ছাকৃত অন্ধত্ব কেবল পক্ষপাতিত্ব ও অসহিষ্ণুতারই পরিচয় দেয়।”
ওআইসির পক্ষ থেকে সৌদি আরবের দেওয়া বক্তব্যে সরাসরি ভারতের নাম না নেওয়া হলেও গত বছর পাকিস্তানভিত্তিক একটি সন্ত্রাসবাদী সংগঠনের হামলার পর পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদী ঘাঁটির বিরুদ্ধে ভারতের পাল্টা পদক্ষেপ এবং জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে ইঙ্গিত করা হয়।
বিপ্লব দেব বলেন, পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে থাকা সন্ত্রাসবাদী পরিকাঠামো থেকেই ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও নির্দেশ দেওয়া হয়েছে। সেই পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে ওআইসির বক্তব্য ‘অযাচিত’ বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর নিয়ে ওআইসির মন্তব্যেরও সমালোচনা করেন বিপ্লব দেব। তাঁর বক্তব্য, ওআইসি-র চেয়ারের উচিত পাকিস্তানের অবৈধ দখলের দিকে নজর দেওয়া। বিশেষ করে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের রাওয়ালাকোটে সাধারণ মানুষের উপর হত্যাকাণ্ড, হিংসা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মানবাধিকার সংগঠনগুলির দাবি, সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অর্থনৈতিক অধিকার এবং বহিরাগতদের বসতি স্থাপনের বিরোধিতা-সহ বিভিন্ন দাবিতে সেখানে আন্দোলন হয়েছে। অভিযোগ, পাকিস্তান সরকার এবং সামরিক বাহিনী সেই আন্দোলন কঠোরভাবে দমন করেছে।
বিজেপির জাতীয় সম্পাদক এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বর্তমানে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে ভারতের প্রতিনিধিদলের অন্যতম সদস্য হিসেবে রয়েছেন।
























