আগরতলা, ৭ অক্টোবর: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও কাস্টমসের যৌথ অভিযান। মঙ্গলবার, ৬ অক্টোবর খোয়াই জেলার মুঙ্গিয়াকামি এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৩৪০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লক্ষ টাকা।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং দীর্ঘদিনের নজরদারির পর অসম রাইফেলস ও কাস্টমস যৌথভাবে এই অভিযান চালায়। অভিযানের সময় মুঙ্গিয়াকামি এলাকায় একটি ফোর্ড ইকোস্পোর্ট গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে ৩৪০ কেজি গাঁজা উদ্ধার করে যৌথবাহিনী।
মাদক পরিবহণে ব্যবহৃত ফোর্ড ইকোস্পোর্ট গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা এবং বাজেয়াপ্ত গাড়িটি পরবর্তী তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে সক্রিয় মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার বার্তা দিয়েছে অসম রাইফেলস। এই ধরনের যৌথ অভিযান মাদক পাচারের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের যুবসমাজকে মাদকের প্রভাব থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।
























