আগরতলা, ৬ অক্টোবর: সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে হাউস রেন্ট ভাতাও। উৎসবের মরশুমে এই ঘোষণাকে সরকারি কর্মচারীদের জন্য সরকারের উপহার হিসেবেই দেখা হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, এতদিন সরকারি কর্মচারীদের বেসিক পে-এর ৮ শতাংশ হারে হাউস রেন্ট ভাতা দেওয়া হতো। এবার সেই হার বাড়িয়ে বেসিক পে-এর ১০ শতাংশ করা হয়েছে। নতুন এই সুবিধা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। রাজ্যের সরকারি কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৮ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০ শতাংশ করা হয়েছে। একইসঙ্গে, বাড়িভাড়া ভাতার সর্বোচ্চ সীমা ৩ হাজার থেকে বৃদ্ধি করে ১০ হাজার করা হয়েছে।
একইসঙ্গে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের মাসিক বেতনেও অতিরিক্ত আর্থিক সুবিধা যুক্ত হবে। কর্মচারীদের স্বার্থ এবং বর্তমান আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
সরকারের এই ঘোষণায় সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। ডিএ এবং হাউস রেন্ট ভাতা—দুই ক্ষেত্রেই বৃদ্ধির ফলে কর্মচারীদের মাসিক আয় কিছুটা বাড়বে। বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই অতিরিক্ত সুবিধা কর্মচারীদের জন্য যথেষ্ট সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মচারীরা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। রাজ্যের উন্নয়ন এবং সাধারণ মানুষকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কর্মচারীদের কল্যাণের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখে এবং ভবিষ্যতেও তাঁদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।



















