আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে পূজার অ্যাডভান্স প্রদানের দাবি জানান তাঁরা। দীর্ঘদিন ধরে কর্মরত থাকলেও চাকরির স্থায়ীকরণ নিয়ে কোনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ কর্মীদের। তার ওপর উৎসবের মরশুমে পূজার অ্যাডভান্স নিয়েও অনিশ্চয়তা তৈরি হওয়ায় ক্ষোভ বাড়ছে তাঁদের মধ্যে।
আন্দোলনকারীদের অভিযোগ, বিগত বছরগুলিতে কখনও পূজার অ্যাডভান্স দেওয়া হয়েছে, আবার কখনও তা থেকে বঞ্চিত করা হয়েছে তাঁদের। গত বছর দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেক ডিআরবি কর্মীকে ২০ হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া হয়েছিল। কিন্তু চলতি বছর সেই অর্থ পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই বৃহস্পতিবার বিক্ষোভে শামিল হন তাঁরা।
আন্দোলনকারী অনিমা মুখার্জি জানান, রাজ্যে মোট ৪১৬ জন ডিআরবি কর্মী রয়েছেন। দীর্ঘদিন ধরে তাঁরা কাজ করে গেলেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। চলতি বছর পূজার অ্যাডভান্স দেওয়া হবে না বলে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে তাঁরা উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে হাসপাতালের মেডিক্যাল সুপারের সঙ্গে কথা বললেও কোনও সদুত্তর মেলেনি বলে দাবি করেন তিনি।
কর্মীদের বক্তব্য, দুর্গাপূজার সময় সন্তানদের জন্য নতুন পোশাক কেনা থেকে শুরু করে পরিবারের বিভিন্ন প্রয়োজন মেটাতে এই অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবিলম্বে তাঁদের পূজার অ্যাডভান্স প্রদানের ব্যবস্থা করতে হবে। অন্যথায়, দাবি পূরণ না হলে সংশ্লিষ্ট অধিকর্তার কার্যালয়ে গিয়ে ধর্নায় বসতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। উৎসবের আগে তাঁদের এই দাবি ঘিরে সংশ্লিষ্ট মহলে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেটাই দেখার।























