ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুখোশধারী অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। বুধবার রাতে নয়াপল্লি থানার এলাকার একটি অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটে বলে বৃহস্পতিবার কমিশনারেট পুলিশ জানিয়েছে।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা জগৎসিংহপুর জেলার বাসিন্দা এবং ভুবনেশ্বরের একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তিনি শহরের নয়াপল্লি এলাকার একটি অ্যাপার্টমেন্টে দিদির সঙ্গে থাকতেন।
ঘটনার খবর পেয়ে ভুবনেশ্বরের ডেপুটি কমিশনার অফ পুলিশ সারাভানা বিবেক এম-সহ পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
টুইন সিটি পুলিশ জানিয়েছে, “গত রাতে ২৬ বছর বয়সি এক মহিলা থানায় অভিযোগ করেন যে তিনি ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্টে থাকার সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে ঢুকে তাঁকে ধর্ষণ করে। তিনি তাঁর দিদির সঙ্গে থাকেন এবং বাড়ির মালিকরা প্রথম তলায় থাকেন। অভিযুক্ত বন্দুক বা খেলনা বন্দুক দেখিয়েছিল বলে অভিযোগ।”
এক পুলিশ আধিকারিক জানান, নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে এবং তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে। ঘটনাস্থল এবং নয়াপল্লি এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা এবং এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।
সম্প্রতি বিধানসভায় এক প্রশ্নের জবাবে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি জানিয়েছিলেন, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে ১,৬০৬টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে। একই সময়ে মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের ঘটনায় মোট ২১,০৬৯টি মামলা দায়ের হয়েছে বলে বিধানসভায় জানানো হয়।



















