কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে গোটা রাজ্যে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গেছে।
রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন-পূর্ব পরিস্থিতি থেকে শুরু করে ভোটগ্রহণ এবং ভোট-পরবর্তী সময় পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বিধিনিষেধ কার্যকর করার বিষয়েও প্রস্তুতি চলছে।
এরই অংশ হিসেবে সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ টহল শুরু হয়েছে। বিশেষ করে যাত্রাপুর থানার অন্তর্গত বিভিন্ন এডিসি ভিলেজ এলাকার জনবহুল বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের এই যৌথ টহলের ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
মঙ্গলবার যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিকের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলা হলে তিনি জানান, প্রতিদিন ধারাবাহিকভাবে টহলদারি চালিয়ে যাওয়া জরুরি। বিশেষ করে জনবহুল এলাকাগুলিকে অগ্রাধিকার দিয়ে নিরাপত্তা বাহিনীর টহল অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



















