আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বনমালীপুর জোড়া পুকুর এবং মহিলা কলেজের পেছনে অবস্থিত একটি জলাশয় পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, সংশ্লিষ্ট দুটি জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে শুরু করা হবে। জলাশয়গুলির বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
মেয়র বলেন, শহরের জলাশয়গুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে পুর নিগম গুরুত্ব দিয়ে কাজ করছে। দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় থাকা জলাশয়গুলির পর্যায়ক্রমে সংস্কার ও পরিচর্যার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিনের পরিদর্শনকালে মেয়র দীপক মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, কর্পোরেটর অলক ভট্টাচার্য, কর্পোরেটর হিমানী দেববর্মা-সহ পুর নিগমের অন্যান্য আধিকারিক ও প্রতিনিধিরা।



















