নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের ঐতিহাসিক মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দিয়ে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচিতে অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এবং বিজেপির রাজ্য সভাপতি তথা স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়। মাতা ত্রিপুরাসুন্দরীর মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনসেবার সময়কাল, যার মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়ও রয়েছে, উপলক্ষে রাজ্যজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ চলছে। সেই কর্মসূচিরই অংশ হিসেবে মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিনের কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য তিনি মাতা ত্রিপুরাসুন্দরীর কাছে প্রার্থনা করেছেন। পাশাপাশি বিকশিত ভারতের পথে মাতা ত্রিপুরাসুন্দরীর আশীর্বাদ কামনা করেন তিনি। মানুষের সেবায় আরও নিষ্ঠা ও নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা পাওয়ার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মন্দির পরিদর্শনের সময় গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথার, প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মাতাবাড়ির পবিত্র পরিবেশে ‘আশীর্বাদ কা দিয়া’ কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও দেশের উন্নয়নের জন্য প্রার্থনা করা হয়। পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও উঠে আসে এই কর্মসূচিতে।
এছাড়াও সিপাহীজলা জেলায় ‘আশীর্বাদ কা দিয়া ‘কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। ধর্মনগরে অনুষ্ঠানটির উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। গোটা রাজ্যে মহা উৎসাহের সঙ্গে এদিনের কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।



















