বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ দুপুরে প্রকাশ্য রাস্তায় এই ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।
জানা গেছে, আগরতলার সুভাষনগর এলাকা থেকে স্বামীকে সঙ্গে নিয়ে স্কুটিতে করে বিশালগড়ে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন জাগৃতি চৌধুরী পাল। বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে পৌঁছানোর পর আচমকা ছিনতাইকারীরা তাঁর গলা থেকে প্রায় দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি জানিয়ে বিশালগড় থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে বিশালগড়ের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। দিনের বেলায় জনবহুল এলাকায় মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত পুলিশি নজরদারি ও টহল আরও জোরদার করা প্রয়োজন। ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। পাশাপাশি বিশালগড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



















