নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম সুব্রত দেবনাথ (২০)। তাঁর বাড়ি মেলাঘর থানার অধীন কলিরামবাড়ি এলাকায়। পিতার নাম প্রদীপ দেবনাথ।
জানা গেছে, উদয়পুরমুখী ৮ নম্বর জাতীয় সড়কের ওয়ারেংবাড়ি এলাকায় একটি লরির চাকা পাংচার হয়ে যাওয়ায় সেটি গত দুদিন ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। লরিটির নম্বর এইচ আর ৩৮ এ সি ২৬১৮। অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই লরিটি জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকার কারণে ইতিমধ্যেই সেখানে দুর্ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় দুজনের মধ্যে একজন প্রাণে বেঁচে গেলেও একজন আহত হন বলে জানা গেছে।
এরই মধ্যে সোমবার রাতে বিশ্রামগঞ্জ বাজার থেকে বাড়ির উদ্দেশে যাওয়ার পথে সুব্রত দেবনাথ ওই দাঁড়িয়ে থাকা লরিটির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর তিনি লরির নিচে আটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। দাঁড়িয়ে থাকা লরিটির কারণে একই এলাকায় পরপর দুর্ঘটনার ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জাতীয় সড়কে বিকল গাড়ি দাঁড় করিয়ে রাখার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



















