আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে হোস্টেলের ভবন থেকে ঝাঁপ দেওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে।
আহত ছাত্রীর নাম জেবিকা ত্রিপুরা। তার বাড়ি ছামনু এলাকায়। জানা গেছে, সোমবার অন্যান্য আবাসিক ছাত্রীরা বিদ্যালয়ে গেলেও জেবিকা বিদ্যালয়ে যায়নি। সকাল সাড়ে ১০টা নাগাদ আচমকাই হোস্টেলের বিল্ডিং থেকে ঝাঁপ দেয় সে। বিষয়টি হোস্টেল কর্তৃপক্ষের নজরে আসার পর দ্রুত তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। হোস্টেল সুপার বন্দনা সরকার জানান, ছাত্রীর অবস্থা সংকটজনক।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি হোস্টেল সুপারের সঙ্গে কথা বলেন এবং পরে পুলিশকে খবর দেন।
মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের তদন্তের পরই মূল কারণ সামনে আসবে। কী কারণে ছাত্রীটি হোস্টেলের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছে, তা তদন্ত করে দেখা হবে।
এদিকে, ঘটনাকে ঘিরে হোস্টেলের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আবাসিক ছাত্রীদের সঙ্গে কথা বললে ঘটনার বিষয়ে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
———–



















