আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির সংলগ্ন এলাকায় এক মহিলার গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাইকে আসা দুই যুবকের বিরুদ্ধে। ওই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বেলা প্রায় ১১টা নাগাদ গীতারাণী দাস নামে ওই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় একটি বাইকে করে দুই যুবক তাঁর সামনে আসে। কথাবার্তার একপর্যায়ে আচমকাই এক যুবক তাঁর গলায় হাত দিয়ে সোনার চেইনটি টানতে শুরু করে। তিনি চেইনটি ধরে রাখার চেষ্টা করলে অভিযুক্তরা তাঁকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় বলে অভিযোগ।
ধাক্কায় তাঁর হাঁটু, কনুই এবং পায়ে আঘাত লাগে বলে জানান গীতারাণী দাস। এরপর অভিযুক্ত দুই যুবক চেইনটি ছিনিয়ে নিয়ে বাইকে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁর সঙ্গে থাকা আরও এক মহিলা ঘটনাটি দেখে হতভম্ব হয়ে পড়েন বলে জানা গেছে।
ছিনতাই হওয়া সোনার চেইনটির বর্তমান বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা বলে দাবি করেছেন গীতারাণী দাস।ঘটনার পর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্য দিবালোকে এভাবে গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অভিযোগ, এর আগেও এলাকায় মিছিল বা বিভিন্ন কর্মসূচির সময় বাইক নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। ফের এমন ঘটনার শিকার হওয়ায় তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের পরিচয় বা গ্রেফতারের বিষয়ে কোনও তথ্য জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
এদিকে, প্রকাশ্য দিবালোকে শহরের ব্যস্ত এলাকায় পরপর ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



















