আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে লড়াই নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। শুক্রবার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি জানান, জোট নিয়ে দুই পক্ষের কমিটি ইতিমধ্যেই আলোচনা চালাচ্ছে। আলোচনার পরিবেশ এখনও পর্যন্ত যথেষ্ট ইতিবাচক বলেও দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, গত বছরও জোট নিয়ে আলোচনা হয়েছিল। দিল্লিতেও জোটসঙ্গীদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছিল। তবে পরবর্তীতে সেই প্রক্রিয়া এগোয়নি। তাঁর কথায়, বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগে জোটের সমীকরণে পরিবর্তন হওয়া স্বাভাবিক। তবে এবার এনডিএ-র শরিকদের সঙ্গে একসঙ্গে নির্বাচনে লড়ার বিষয়েই আলোচনা হয়েছে, সেই অনুযায়ী প্রস্তুতিও চলছে। তবে আসন সমঝোতা নিয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি, আজকের মধ্যেই সেটিও পরিষ্কার হবে।
তিনি জানান, বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ হিসেবে নির্বাচনে লড়াই করার বিষয়টি আলোচনায় রয়েছে। ইতিমধ্যেই উভয় পক্ষের কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিগুলি আসন সমঝোতা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। বৃহস্পতিবার রাত পর্যন্তও এই নিয়ে বৈঠক হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
জোটের আসন সমঝোতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কোন দল কতগুলি আসনে লড়বে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কমিটির আলোচনার পরই বিষয়টি স্পষ্ট হবে। নির্বাচনী প্রচারে শরিক দলগুলি একসঙ্গে অংশ নেবে কি না, সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি ও সমঝোতার ভিত্তিতে প্রচারের বিষয়টি নির্ধারণ করা হবে। এ বিষয়ে জোটের সংশ্লিষ্ট কমিটিগুলিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
অন্যদিকে, রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার সমস্যার বিষয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামতের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। যেসব রাস্তা মোটর চলাচলের উপযোগী নয়, অন্তত সেগুলিকে সংকার করার কাজ দ্রুত করার ওপর জোর দেন মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, রাস্তা সংস্কারের ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত বিষয় রয়েছে। সেগুলি বিবেচনা করেই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তবে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত মেরামতের প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান। সেই অনুযায়ী তিনি নির্দেশ দিয়েছেন বলেও এদিন জানিয়েছেন।



















