আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। চুরির সময় বাধা দিতে গেলে পরিবারের সদস্যকে আক্রমণ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক চোরের বিরুদ্ধে। পরবর্তীতে আমতলী থানার পুলিশ এলাকাবাসীর সহযোগিতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
ঘটনার বিষয়ে আমতলী থানার ওসি রানা চ্যাটার্জী জানান, আদর্শ কলোনির বাসিন্দা জীবন দত্ত থানায় অভিযোগ করেন যে, ঘটনার আগের দিন রাতে চোরের দল তাঁদের বাড়িতে প্রবেশ করে। বাড়ির কালীমন্দিরে থাকা মূল্যবান গয়না ও অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিষয়টি পরিবারের নজরে আসে।
চোরকে দেখতে পেয়ে জীবন দত্তের বাবা পরিমল দত্ত তাকে ধাওয়া করেন। অভিযোগ, সেই সময় চোর পরিমল দত্তের উপর হামলা করে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনায় পরিমল দত্ত আহত হন এবং বর্তমানে তিনি এজিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি একজন সরকারি কর্মচারী বলেও জানা গেছে।
ঘটনার পর আমতলী থানার পুলিশ তদন্ত শুরু করে। এলাকাবাসীর সহযোগিতা এবং সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুরির ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি ওই বাড়িতে প্রবেশ করে চুরি করার ঘটনায় জড়িত।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি একজন অভ্যাসগত সম্পত্তি অপরাধী হিসেবে পুলিশের নজরে রয়েছে। তার বিরুদ্ধে উদয়পুরসহ বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানতে পেরেছে।
ধৃতকে আজ আদালতে পেশ করা হবে। চুরি হওয়া গয়না ও অন্যান্য সামগ্রী উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা জানতে অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে বলে জানান ওসি রানা চ্যাটার্জী।
পুলিশের আশা, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করার পাশাপাশি আমতলী ও সংলগ্ন এলাকায় সাম্প্রতিক চুরির ঘটনাগুলির সঙ্গে তার যোগসূত্র এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


















