আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের প্রকাশিত দলভিত্তিক পরিসংখ্যানে উঠে এসেছে নির্বাচনী লড়াইয়ের সামগ্রিক চিত্র। কমিশনের তথ্য অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মোট ১০,৯৫৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচনী ময়দানে রয়েছেন মোট ১০,৯৩৬ জন প্রার্থী।
মনোনয়ন জমা দেওয়ার নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে তিপ্রা মথা পার্টি। দলটির পক্ষ থেকে মোট ৪,৩৯০টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৪,৩৭১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিআই(এম)। বাম দলটির পক্ষ থেকে ২,৪৮৭টি মনোনয়নপত্র জমা পড়লেও চূড়ান্ত প্রার্থী রয়েছেন ২,৪৮৪ জন। অন্যদিকে, শাসকদল বিজেপি-র পক্ষ থেকে ১,৯৭৪টি মনোনয়নপত্র জমা পড়েছে এবং সবকটি ক্ষেত্রেই প্রার্থিতা বহাল রয়েছে।
অন্যান্য দলগুলির মধ্যে আইপিএফটি-র পক্ষ থেকে ৪৮৬টি, কংগ্রেস-এর পক্ষ থেকে ৪৬৬টি এবং সিপিআই-এর পক্ষ থেকে ৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। সিপিআই-এর চারটি মনোনয়নই চূড়ান্ত হয়েছে।
এ ছাড়াও নির্দল প্রার্থী এবং অন্যান্য ছোট রাজনৈতিক দল মিলিয়ে ১,১৫১টি মনোনয়নপত্র জমা পড়েছে। এই সমস্ত প্রার্থীরই চূড়ান্ত প্রার্থিতা বহাল রয়েছে বলে কমিশনের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারে আরও গতি এসেছে। স্ক্রুটিনি ও মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত প্রার্থীদের নিয়ে নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে। এখন নজর আগামী দিনের প্রচার, জোটের সমীকরণ এবং ভোটারদের রায়ের দিকে।



















