আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য পরিস্থিতির কারণে এই পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।
টিপিএসসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনে ফুড সেফটি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি নম্বর ২৩/২০২৫ এবং মেডিকেল অফিসার (ডেন্টাল) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি নম্বর ২৬/২০২৫-এর লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে বর্তমান পরিস্থিতিতে অনিবার্য কারণে আগামীকালের নির্ধারিত পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
টিপিএসসি জানিয়েছে, পরবর্তীতে লিখিত পরীক্ষার বিস্তারিত কর্মসূচি কমিশনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের পরবর্তী আপডেটের জন্য কমিশনের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।



















