গন্ডাছড়া, ৩১ আগস্ট: গন্ডাছড়া মহকুমার বঙ্করঘাট সংলগ্ন সাইমা নদী থেকে বস্তাবন্দি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার পর্যন্ত মৃতদেহটির কোনও দাবিদারের সন্ধান মেলেনি। বর্তমানে মৃতদেহটি গন্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জানা যায়, রবিবার সন্ধ্যায় বঙ্করঘাট সংলগ্ন সাইমা নদীর জলে কিছু একটা ভাসতে দেখেন স্থানীয় পথচারীরা। সেই সময় নদীর জল থেকে দুর্গন্ধও ছড়াচ্ছিল বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দীর্ঘক্ষণ পর রবিবার রাত প্রায় ১০টা নাগাদ নদী থেকে বস্তাবন্দি মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহটি একটি বস্তার মধ্যে মোড়ানো ছিল এবং ওই বস্তার সঙ্গে কয়েকটি ইট বাঁধা অবস্থায় ছিল।
মৃতদেহে পচন ধরায় এখনও পর্যন্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। রবিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত মৃতদেহটির কোনও দাবিদার বা আত্মীয়ের সন্ধান না মেলায় এটি বেওয়ারিশ অবস্থায় রয়েছে।
বস্তাবন্দি অবস্থায় মৃতদেহ উদ্ধার এবং তার সঙ্গে ইট বাঁধা থাকার বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি খুনের সঙ্গে যুক্ত কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং মৃত ব্যক্তির পরিচয় তদন্তের পরই স্পষ্ট হবে।
বর্তমানে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহটি গন্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় নমুনা সংগ্রহ এবং ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হবে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



















