নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): নেপালের রসুয়া জেলার একটি জলবিদ্যুৎ প্রকল্প থেকে শনিবার আরও চার ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এর ফলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নেপালে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮-তে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, উদ্ধার হওয়া চারজন হলেন রিপু কুমার, চনেশ্বর নারজারি, কৃপা শঙ্কর এবং মহম্মদ মিনহাজউদ্দিন।
বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, শনিবার চিন থেকে ১২০ জন ভারতীয় নাগরিক নেপালে প্রবেশ করেছেন। তবে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। শনিবার বিকেল ৫টা পর্যন্ত ২৮৭ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূত ১২৮ জনেরও এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজদের পরিচয় এবং মৃতদেহ শনাক্তকরণে সহায়তার জন্য ভারত থেকে ছয় সদস্যের একটি ফরেন্সিক বিশেষজ্ঞ দল শনিবার কাঠমান্ডু পৌঁছবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। ডিএনএ নমুনা বিশ্লেষণের মাধ্যমে উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় শনাক্ত করার কাজে দলটি সহযোগিতা করবে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, সুড়ঙ্গ থেকে উদ্ধারকাজের জন্য একটি বিশেষজ্ঞ প্রযুক্তিগত দল ইতিমধ্যেই কাঠমান্ডু পৌঁছেছে এবং শনিবার থেকেই ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করেছে। তাদের সুপারিশের ভিত্তিতে সরঞ্জাম-সহ ভারতের আরও একটি বিশেষ সুড়ঙ্গ উদ্ধারকারী দল শনিবার নেপালে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার পর ভারত সরকারের সাহায্য ও সংহতির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। নেপালের প্রেসিডেন্টের দফতর থেকে ‘এক্স’-এ প্রকাশিত বার্তায় বলা হয়েছে, নেপাল সরকার ও জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি মুর্মুর উদ্বেগ এবং সাম্প্রতিক বিপর্যয়ের পর ভারত সরকারের দেওয়া সহায়তা ও সংহতির জন্য গভীর কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
পৌডেল ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ভারতীয় নাগরিকদের জন্যও শোকপ্রকাশ করেন। তিনি ভারত সরকার ও দেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই বিপর্যয়ে ভারতীয় নাগরিকদের প্রাণহানিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন।



















